ফ্রান্সের সৈকতে বুরকিনি পরে রোষানলে অস্ট্রেলীয় নারী
বুরকিনি পরার কারণে রোষের মুখে পড়ে ফ্রান্সের একটি সমুদ্র সৈকত থেকে বিতাড়িত হওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার এক নারী।
বিবিসি জানায়, ২৩ বছর বয়সী মেডিকেলের ছাত্রী জয়নাব আলশেল অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে বলেছেন, ইউরোপের মুসলিম নারীদের প্রতি সংহতি প্রকাশ করতে ফ্রান্স সফরে গিয়ে তিনি এ ঘটনার শিকার হয়েছেন।
চ্যানেল সেভেনে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয় লোকজন তাকে সমুদ্র সৈকত থেকে চলে যেতে বলছে এবং না গেলে পুলিশ ডাকার হুমকি দিচ্ছে।
দক্ষিণ ফ্রান্সের রিভিয়েরার কয়েকটি শহরে বুরকিনি পরা নিষিদ্ধ করা হয়েছিল। পরে শীর্ষ প্রশাসনিক আদালত এ নিষেধাজ্ঞা বাতিল করে।
শহরগুলোর স্থানীয় মেয়ররা আইনটি করেছিলেন। তাদের যুক্তি ছিল, পুরো শরীর ঢেকে রাখা সাঁতারের এ পোশাক ইসলামের প্রতীক এবং গত জুলাইয়ে নিসে সন্ত্রাসী হামলার পর এ পোশাকটি উস্কানিমূলক হতে পারে।
আলশেল বলেন, ফ্রান্সে মুসলিম নারীরা কি অবস্থায় আছেন তা দেখতেই তিনি তার পরিবারকে নিয়ে ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন।
