২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে মেরান্তির আঘাতে ১০ জনের মৃত্যু

চলতি বছরের সবচে শক্তিশালী টাইফুন মেরান্তির আঘাতে চীনে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Sep 2016, 02:29 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

দেশটির দক্ষিণপূর্ব উপকূলে সুপার টাইফুন মেরান্তি আঘাত হানে বলে শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রবল বাতাস ও বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় উপদ্রুত এলাকার অনেক রাস্তা তলিয়ে গেছে। সেই রাস্তাগুলো চলাচল উপযোগী করতে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখেরও বেশি ঘর-বাড়িতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।

শুক্রবার বিকাল নাগাদ টাইফুন মেরান্তি দুর্বল হয়ে পড়বে। প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়ে মেরান্তি তাইওয়ানের দক্ষিণাংশে আঘাত হেনে চীনের ফুজিয়ান প্রদেশের বন্দরনগরী জিয়ামেনের দিকে এগিয়ে যায়।

মেরান্তির আঘাতে ফুজিয়ানে সাতজন মারা যান। প্রতিবেশি জেঝিয়াং প্রদেশে মারা যান তিনজন। এখনো ১১ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে সুপার টাইফুন মেরান্তিকে বছরের সবচে শক্তিশালী ঝড় হিসেবে ঘোষণা করার পর লাখ লাখ মানুষকে ঝড়টির সম্ভাব্য গমনপথ অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়।

শুক্রবার ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ পুনরায় তাদের বাড়ি-ঘরে ফিরে এসেছেন।

মেরান্তির আঘাতে তাইওয়ানে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৮ জন। কিন্তু শুক্রবার তাইওয়ানে মালাকাস নামে আরও একটি টাইফুন আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মালাকাসের প্রভাবে শনিবার তাইওয়ানে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

১৯৪৯ সালের পর চীনের উপকূলে আঘাত হানা সবচে শক্তিশালী টাইফুন মেরান্তি।