২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসছেন সু চি–ওবামা

মিয়ানমারের অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে ওয়াশিংটনে বুধবার বৈঠকে বসছেন অং সান সু চি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Sep 2016, 06:45 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

মিয়ানমারে গত বছর বিপুল ভোটে নিজ দলের জয়ের মধ্য দিয়ে সু চি জাতীয় নেতা হওয়ার পর ওবামার সঙ্গে এটিই তার প্রথম বৈঠক।

সামরিক জান্তার শাসনামলে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে  রেখেছিল যুক্তরাষ্ট্র। এখন মিয়ানমারে জান্তার শাসনাবসান ঘটে সু চি বিরোধীদলীয় নেত্রী থেকে দেশনেত্রী হওয়ার পর যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে আবার সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। আর সে কারণেই মিয়ানমারে নিষেধাজ্ঞা আরও শিথিল করার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র।

মিয়ানমারে বিনিয়োগ এবং গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করতে দেশটিতে মার্কিন নিষেধাজ্ঞা আরও শিথিল করা হবে কিনা তা নিয়েই সু চির সঙ্গে ওবামা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র এ বছরের শুরুর দিকে মিয়ানমারে রাজনৈতিক সংস্কারকাজে সহায়তার জন্য দেশটির ওপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করলেও অনেক অর্থনৈতিক নিষেধাজ্ঞাই বহাল রাখে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিয়ানমার সরকারে বিঘ্ন সৃষ্টিকারীদের শাস্তি দিতেই এসব নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

মিয়ানমারে ৪৯ বছরের শাসনের পর ২০১১ সালে সরাসরি শাসন থেকে সরে যায় সেনাবাহিনী। তবে এরপরও রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব রয়ে যায় অনেকটাই। পার্লামেন্টের ২৫ শতাংশ আসন এবং গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ই রয়ে যায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।

সেনা-সমর্থিত খসড়া সংবিধান অনুযায়ী, সু চি মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারেননি। এর বদলে রাষ্ট্রীয় উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।