নিউমোনিয়াকে আমলে নিতে চাননি হিলারি
যুক্তরাষ্ট্রের আসন্ন প্র্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন তার অসুস্থতাকে ‘বড় কিছু’ বলে মনে করেননি।
সোমবার রাতে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
রোববার নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ট্যুইন টাওয়ার) হামলার ১৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে হিলারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায় তিনি নিউমোনিয়ায় ভুগছেন। এতে নির্বাচনী প্রচারণার জন্য আয়োজিত বেশ কয়েকটি ভ্রমণ সূচী বাতিল করতে বাধ্য হন তিনি।
এতে বিশ্বের অন্যতম চাহিদসম্পন্ন পদের প্রার্থী হিসেবে শারীরিকভাবে তিনি সক্ষম আছেন কীনা তা নিয়ে বিদ্যমান উদ্বেগ জোরদার হয়। প্রচারণার সময়ও অসুস্থতার বিষয়টি তিনি চেপে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
সিএনএন-কে তিনি বলেন, “আগামী কয়েকদিনের মধ্যেই আমি প্রচারণা শুরু করতে পারবো। আমি শুধু এটি কাটিয়ে উঠতে চাই এবং যত দ্রুত সম্ভব প্রচারণায় ফিরতে চাই।”
চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তিনি তা অগ্রাহ্য করেছেন বলে জানান।
“আমি ভাবিনি এটা বড় কিছু হবে,” বলেন তিনি।
৬৮ বছর বয়সী হিলারি জানান তিনি আগেও এ ধরনের শারীরিক দুর্বলতায় ভুগেছেন।
“আপনি জানেন, আমার জীবনে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। আমি এ বিষয়ে সচেতন এবং সচরাচর আমি এটা এড়িয়ে যেতে পারি।”
রোববারের ঘটনার সময়ও তিনি এটা এড়িয়ে যেতে পারতেন কিনা এ প্রশ্নে হিলারি বলেন, “না, পারতাম না। আমি দুর্বল বোধ করছিলাম আর এক মিনিটের জন্য ভারসাম্য হারিয়ে ফেললাম। তারপর ভিতরে গিয়ে যখন বসলাম, ঠাণ্ডা হলাম, পানি খেলাম, তাৎক্ষণিকভাবে ভালো বোধ করতে শুরু করলাম।”
সোমবার তার প্রচারণা শিবির স্বীকার করে, তারা হিলারির নিউমোনিয়া আক্রান্ত হওয়ার খবর প্রকাশে দেরি করে ফেলেছে। শুক্রবার হিলারির ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।
সোমবার সকালে হিলারি মুখপাত্র ব্রায়ান ফ্যালন এমএসএনবিসি-কে বলেন, “ওই ঘটনার কথা বিবেচনায় নিয়ে দ্রুত আরো তথ্য প্রকাশ করে আমরা বিষয়টিকে ভালভাবে সামাল দিতে পারবো বলে আশা করছি।”
হিলারির প্রচারণা শিবির জানিয়েছে, হিলারির বিশ্রামকালীন সময়টিতে তার পক্ষ থেকে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রচারণা চালাবেন।
