২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরেকটি পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া’

আরেকটি পারমাণবিক পরীক্ষার জন্য উত্তর কোরিয়া সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Sep 2016, 10:23 AM

Updated : 25 Jul 2022, 09:30 PM

সোমবার দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রগুলোর বরাতে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এ খবর জানিয়েছে।

ওই সূত্রগুলো বলেছে, উত্তর কোরিয়ার পর্বতময় পরীক্ষাস্থলের অব্যবহৃত একটি সুড়ুঙ্গে এ পরীক্ষা চালানো হতে পারে।

ইয়োনহ্যাপে প্রকাশিত প্রতিবেদনে এক উদ্ধৃতিতে অন্যতম এক সরকারি সূত্র বলেন, “পূর্বে অব্যবহৃত তৃতীয় সুড়ুঙ্গটিতে যে কোনো সময় একটি পারমাণবিক পরীক্ষা চালানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে উত্তর কোরিয়া, এমন অনেকগুলো ইঙ্গিত পাওয়া গেছে।”

উত্তরের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় অবস্থিত পুঙ্গাইয়ে-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে কী কী তৎপরতা চিহ্নিত করা হয়েছে, প্রতিবেদনটিতে তা বিস্তারিত জানানো হয়নি। এই পুঙ্গাইয়ে-রি কেন্দ্রে দেশটি এ পর্যন্ত পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।

শুক্রবার উত্তর কোরিয়া তাদের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। এরপর তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাথায় পারমাণবিক অস্ত্র স্থাপনের সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করে এবং তাদের প্রতিপক্ষদের নিয়ে উপহাস করে।

এতে ক্ষোভে ফেটে পড়ে আন্তর্জাতিক বিশ্ব। উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাও আসে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাপান ও দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ার উপর কোনও ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে তবে তারা তা সমর্থন করবে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রও নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।

এর জবাবে রোববার পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়, “অর্থহীন নিষেধাজ্ঞার হুমকি…. যা খুবই হাস্যকর।”

উত্তর থেকে পারমাণবিক বোমা হামলার কোনো ধরনের ইঙ্গিত পেলেই তাদের রাজধানী পিয়ংইয়ং গুঁড়িয়ে ছাই করে দেওয়ার হুমকি দিয়েছে আতঙ্কিত দক্ষিণ কোরিয়া।

রোববার ­দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়োনহ্যাপ বার্তা সংস্থার খবরে বলা হয়, “পিয়ংইয়ংয়ের প্রতিটি এলাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র  এবং  প্রচণ্ড-বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন শেলের আঘাতে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে।”

পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘ নিষেধাজ্ঞা থাকার পরও দেশটি ২০০৬ সালে প্রথমবার পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়। তারপর উত্তর কোরিয়ার উপর পাঁচ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।