২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ায় একপাক্ষিক নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একপাক্ষিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে জানিয়েছেন পিয়ংইয়ংয়ে নিয়োজিত এক বিশেষ মার্কিন দূত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 05:06 PM

Updated : 25 Jul 2022, 09:30 PM

উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে পঞ্চমবারের মত সবচেয়ে বড় ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর দুইদিন পর দূত সুং কিম একথা বললেন।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পদক্ষেপের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া মিলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একতরফাভাবে নানা পদক্ষেপসহ দ্বিপক্ষীয় এমনকি ত্রিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতেও পদক্ষেপ নিতে পারে।

যুক্তরাষ্ট্র একতরফাভাবে কোন কোন বিষয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে সে ব্যাপারে এখনও সুনির্দিষ্টভাবে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান কিম।

জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর টোকিওতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং জাপান একতরফাভাবে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখছে।

তবে  নিষেধাজ্ঞা আরোপের এই তোড়জোড়কে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে পারমাণবিক শক্তিতে আরও বলীয়ান হয়ে ওঠার অঙ্গীকারও করেছে দেশটি।

জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকার পরও চলতি বছর দুটি পারমাণবিক পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

৯ সেপ্টেম্বর, শুক্রবার দেশটির জাতীয় দিবসে পঞ্চম পারমাণবিক বিস্ফোরণটি ঘটানো হয়।

এক বিবৃতিতে ভূগর্ভস্থ এই পরীক্ষাটির কথা ঘোষণা করার সময় উত্তর কোরিয়া ‘একটি সার্বভৌম দেশের আত্মরক্ষার অধিকার চর্চা’ অস্বীকার করার জন্য ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শত্রু বাহিনীর হুমকি ও নিষেধাজ্ঞার’ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে।