২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ বছর পর রিগ্যানের হত্যাচেষ্টাকারী মুক্ত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার জন হিঙ্কলি জুনিয়র ৩১ বছর পর মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 07:33 PM

Updated : 12 Apr 2022, 02:51 AM

১৯৮১ সালে ওয়াশিংটনে একটি হোটেলের বাইরে হিঙ্কলির গুলিতে প্রেসিডেন্ট রিগ্যানসহ মোট চারজন আহত হয়।

আদালতে হিঙ্কলি মানসিক বিকারগ্রস্ত বলে প্রমাণিত হওয়া তাকে দোষী সাব্যস্ত করা হয়নি। কিন্তু চিকিৎসার জন্য তাকে ওয়াশিংটনের একটি মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

এ বছর জুলাইয়ে আদালত ৬১ বছর বয়সী হিঙ্কলিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

রায়ে বলা হয়, হিঙ্কলি নিজের বা জনগণের জন্য এখন আর বিপদজনক নন।

হিঙ্কলির সর্বশেষ চিকিৎসা প্রতিবেদনে বলা হয়, “১৯৮৩ সালের পর থেকে হিঙ্কলির মধ্যে মানসিক রোগের লক্ষণ নেই।”

ওই প্রতিবেদনের ভিত্তিতে ইউএস ডিসট্রিক্ট জজ পল ফ্রাইডম্যান এই রায় দেন।

এরই মধ্যে হিঙ্কলি কঠোর শর্তের অধীনে মাসের ১৭ দিন ভার্জিনিয়ায় তার মাসের বাড়িতে বসবাস শুরু করেছে।

হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও হিঙ্কলিকে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে।

সেগুলো হলো:

তিনি গণমাধ্যমে কথা বলতে পারবেন না, সপ্তাহে তিনদিন কাজ করতে হবে, ভার্জিনিয়ায় মায়ের বাড়ি থেকে নিজে গাড়ি চালিয়ে ৩০ মাইলের বেশি যেতে পারবেন না এবং মাসে দুইবার মানসিক রোগের চিকিৎসকের কাছে যেতে হবে।

রিগ্যানের ক্ষমতা গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যে তাকে গুলির ঘটনা বিশ্বকে বাকরুদ্ধ করে দিয়েছিল।

প্রেসিডেন্টের ফুসফুসে গুলি লেগেছিল।

তার প্রেস সচিব জেমস ব্রাডির মাথায় গুলি লাগে। এতে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এবং জীবনের বাকি সময় তাকে হুইলচেয়ারে কাটাতে হয়েছিল। ২০১৪ সালে ৭৩ বছর বয়সে মারা যান তিনি।

এছাড়া রিগ্যানের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য আহত হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হলিউড অভিনেত্রী জোডি ফস্টারের প্রতি এক ধরণের আসক্তি থেকে তাকে প্রভাবিত করতে প্রেসিডেন্ট রিগ্যানকে গুলি করেছিলেন হিঙ্কলি।