মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক চায় চীন
আরো বিনিময় ও বৃহত্তর সহযোগীতার মাধ্যমে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সামরিক মিত্রতা শক্তিশালী করতে চায় চীন।
মিয়ানমার সফরকালে দেশটির নেতা অং সাং সু চি-কে এ কথা বলেছেন চীনের কেন্দ্রীয় সামরিক কমান্ডের ভাইস চেয়ারম্যান শিউ কিলিয়াং, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া শনিবার এ খবর জানিয়েছে।
শুক্রবার মিয়ানমারের রাজধানী নাইপিতোতে দুজন মিলিত হন।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমান্ড চীনের সশস্ত্র বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করে।
শন্তিতে নোবেল পুরস্কার জয়ী সু চি-র দল ক্ষমতার আসার পর থেকে খনিজ সম্পদে সমৃদ্ধ প্রতিবেশী দেশটির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ নিয়েছে চীন।
গত মাসে সু চি চীন সফর করেন। তখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে জানান, তিনি দুপক্ষের সম্পর্কের ‘সঠিক অভিমুখ’ নিশ্চিত করতে চান।
এবার শিউ সু চি-কে জানালেন, চীন দুদেশের বন্ধুত্বপূর্ণ সহযোগীতার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।
তিনি বলেন, “চীন মিয়ানমারের প্রতি বন্ধুত্বের নীতিতে আস্থাশীল এবং মিয়ানমারের জাতীয় পুনর্মিলনের প্রক্রিয়াকে সমর্থন করে।”
মিয়ানমারের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে বলে জানান শিউ। এছাড়া সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশ একযোগে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মিয়ানমারের অসংখ্য বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে দেশটির সামরিক বাহিনীর কয়েক দশকের লড়াই শেষ করার জন্য গত মাসে বিদ্রোহী নৃগোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছেন সু চি।
এই শান্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখায় শিউয়ের সঙ্গে বৈঠকে চীনকে ধন্যবাদ জানান তিনি।
পারস্পরিক বোঝাপোড়া, বিশ্বাস ও বন্ধুত্ব দৃঢ় করা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে এ সময় মন্তব্য করেন তিনি।
মিয়ানমারের সাবেক সামরিক বাহিনী পরিচালিত সরকারের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু মিয়ানমার গণতান্ত্রিক সংস্কারের দিকে এগিয়ে গেলে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চীন উদ্বিগ্ন হয়ে ওঠে।
এখন গণতান্ত্রিক নির্বাচনে নতুন সরকার ক্ষমতায় আসার পর ঘনিষ্ঠ সম্পর্কের ধারাবাহিকতা ধরে রাখার উদ্যোগ নিয়েছে চীন।
পাশাপাশি চীনা বিনিয়োগে তিন দশমিক ৬ বিলিয়ন ডলারের মাইটসোন বাঁধ প্রকল্পের কাজ পুনরায় শুরু করার জন্য মিয়ানমারকে চাপ দিচ্ছে চীন। যে প্রকল্পের ৯০ শতাংশ বিদ্যুৎ চীনে পাঠানোর কথা রয়েছে।
২০১১ সালে পরিবেশবাদীদের প্রতিবাদের মুখে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় দুটির নদীর সঙ্গমস্থলে যেখানে ইরাবতী নদীর উৎপত্তি, সেখানে বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দেন দেশটির সাবেক প্রেসিডেন্ট থিয়েন সেইন, এতে ক্ষুব্ধ হয়েছিল চীন।
