ওবামাকে দোতার্তের গালি, বৈঠক বাতিল
ফিলিপিন্সের বিতর্কিত প্রেসিডেন্ট রডরিগো দোতার্তের সঙ্গে আসন্ন একটি বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিবিসি বলছে, মঙ্গলবার লাওসে আসিয়ান সম্মেলনের ফাঁকে দোতার্তের সঙ্গে ওবামার বৈঠকের কথা ছিল। কিন্তু দোতার্তে এর আগে ওবামাকে ‘বেশ্যার পুত্র’ বলায় ওই বৈঠক বাতিল করা হয়।
জুনে ক্ষমতা গ্রহণের পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দোতার্তে। ফিলিপিন্সের মাদকচক্রকে শেষ করতে তিনি মাদক কারবারীদের হত্যার অনুমতিও দিয়েছেন।
তার মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত প্রায় ২,৪০০ মানুষ নিহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক অঙ্গন দোতার্তের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করলেও নিজের সিদ্ধান্তে অটল আছেন তিনি।
জাতিসংঘ মানবাধিকারের কথা বলে ক্রমাগত তার এই নীতির নিন্দা জানিয়ে আসছে।
ওবামাও বলেছিলেন, আসিয়ান সম্মেলনে ফিলিপিন্সের মাদকচক্রের সঙ্গে সম্পর্কিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপন করবেন তিনি।
এর প্রতিক্রিয়ায় দোতার্তে বলেন, “তা হলে ওই সম্মেলনে আমি আপনাকে বেশ্যার পুত্র বলে গালি দিব।”
এর জেরে দোতার্তের সঙ্গে বৈঠক বাতিল করেছেন ওবামা। তার সহকারীরা জানিয়েছেন, দোতার্তের বদলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, লাওসে অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশন্স (আসিয়ান) এর সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পার্ক গুয়েন হি-য়ের সঙ্গে বৈঠক করবেন।
আঞ্চলিক এই সম্মেলনে যোগ দিতে ওবামাসহ বিভিন্ন দেশের নেতারা এখন লাওসে আছেন।
এর আগে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন উপলক্ষে চীনের হ্যাংঝৌ এ ছিলেন ওবামা।
