২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া: চুক্তি ছাড়াই শেষ হল যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা

সিরিয়ার যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Sep 2016, 03:16 PM

Updated : 12 Apr 2022, 02:49 AM

সোমবার চীনে ওই দুই মন্ত্রীর বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুপক্ষ কোনো চুক্তিতে পৌঁছতে পারেনি। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

চীনের পূর্বাঞ্চলীয় শহর হ্যাংঝুতে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের এক ফাঁকে কেরি ও ল্যাভরভ বৈঠক করেন। তাৎক্ষণিকভাবে তাদের বৈঠকের বিস্তারিত জানা যায়নি।

দুসপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কেরি ও ল্যাভরভ সিরিয়ার যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হলেন। এর আগে ২৬ অগাস্ট দুনেতা জেনেভায় মিলিত হয়েছিলেন।

কোনো ফলাফল ছাড়াই ওই বৈঠক শেষ হওয়ার পর ‘যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তি মেনে নেবে না যা ফের ভেঙে পড়বে’ বলে মন্তব্য করেছিলেন কেরি।

এর আগে ফেব্রুয়ারিতে ল্যাভরভ ও কেরির মধ্যস্থতায় সিরিয়া বিষয়ে একটি অস্ত্রবিরতি চুক্তি করা হলেও তা কয়েক সপ্তাহের মধ্যে ভেঙে পড়ে। ওই চুক্তি লঙ্ঘন করার জন্য ওয়াশিংটন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীগুলোকে দায়ী করেছিল।

আগামী ১৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের বৈঠকের সময় কেরি ও ল্যাভরভ নিউ ইয়র্কে ফের মিলিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

কোন কোন বিষয়ে মতপার্থক্যের কারণে চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না তার বিস্তারিত জানাতে সম্মত হননি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

অপরদিকে রাশিয়া জোর দিয়ে বলছে, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থিত সিরিয়ার বিদ্রোহীরা আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের সংস্রব থেকে না সরা পর্যন্ত তারা কোনো চুক্তির বিষয়ে সম্মত হবে না।