২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের ভুলে বিবিসির বাংলা সংবাদ ট্যুইটারে

বাংলাদেশের মিরপুরে পুলিশের অভিযানে জঙ্গি নিহতের বাংলা সংবাদের ব্রেকিং বিবিসির নিউজ অ্যাপ ব্যবহারকারী ও ট্যুইটারে বিবিসিকে অনুসরণকারীদের কাছে ভুল করে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 01:03 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

শনিবার ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) ভুল স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করেছে।

বিবিসির একজন মুখপাত্র জানিয়েছেন, ওয়ার্ল্ড সার্ভিসের এক সাংবাদিক ভুল করে বাংলা সংবাদটি আন্তর্জাতিক ভাষায় বিবিসিকে অনুসরকারীদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, তবে কয়েক মিনিটের মধ্যেই সংবাদটি সরিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, “আক্ষরিকভাবে মানুষের ভুলে এমনটি হয়েছে এবং তা সংশোধন করা হয়েছে।”

পরে ট্যুইটারে দেওয়া এক বিবৃতিতে বিবিসি এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে তাদের অনুসরণকারীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।

বিবৃতিতে বলা হয়, “আমাদের বাংলা সার্ভিস থেকে পাঠানো একটি ব্রেকিং নিউজ অ্যালার্ট যারা পেয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, আমরা হ্যাকড হইনি।”