উত্তর কোরিয়ায় শীর্ষ মন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর
নেতা কিম জং উনের প্রতি যথাযথ সম্মান না দেখানোয় উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা কিম ইয়ং জিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের একাধিক উপ-প্রধানমন্ত্রী আছেন। ইয়ং-জিন ছিলেন তাদের একজন। এছাড়াও শীর্ষ পর্যয়ের দুই সরকারি কর্মকর্তাকে নির্বাসিত করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র জেঅং জুন-হি বলেন, “বেশ কয়েকটি মাধ্যমে উত্তর কোরিয়া সরকার শিক্ষা কর্মকর্তা কিম ইয়ং জিনের মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। যদিও তারা এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেয়নি।”
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ খবর সত্য হলে নিজের শীর্ষ সহযোগী দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নতুন উদ্যোগের এটি একটি অংশ।
বাবা কিম জং (দ্বিতীয়) এর মৃত্যুর পর ২০১১ সালে উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেন কিম জং উন।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তরা বলেন, ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতাকে হত্যা এবং নির্বাসিত করার মাধ্যমে ক্ষমতা একীকরণ করেন কিম জং উন।
সর্বশেষ মৃত্যুদণ্ডের খবরটি সত্য কিনা তা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
অতীতে এ ধরনেরর অনেক খবর প্রকাশ পাওয়ার পর তা মিথ্যা বলে প্রমাণিত হয়।
দক্ষিণ কোরিয়ার একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, একটি সরকারি অনুষ্ঠানে কিম জং উনের বক্তৃতা চলার সময় ঘুমিয়ে পড়ায় কিম ইয়ং জিনকে মৃত্যুদণ্ডের শাস্তি পেতে হয়েছে।
আর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কিম ইয়ং চোালকে উদ্ধত হাবভাবের জন্য নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ নিউজ এজেন্সি জানায়, জুলাইয়ে ‘ফায়ারিং স্কয়াডে’ গুলি করে কিম ইয়ং জিনকে হত্যা করা হয়।
আর অগাস্টের মাঝামাঝি থেকে কিম ইয়ং টোলকে প্রত্যন্ত একটি খামারে আচরণগত শিক্ষা দেওয়া হচ্ছে।
দক্ষিণ কোরিয়া সরকারের কাছে সংরক্ষিত উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০১২ সালে শিক্ষামন্ত্রীর থেকে পদোন্নতি পেয়ে উপ-প্রধানমন্ত্রী হন কিম ইয়ং জিন।
আর সেনাবাহিনীর জেনারেল কিম ইয়ং চোল উত্তর কোরিয়ার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন।
