মেক্সিকো যাচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বুধবার মেক্সিকোতে দেশটির প্রেসিডেন্ট পিনা নিয়েতোর সঙ্গে বৈঠক করবেন।
মেক্সিকোর প্রেসিডেন্টের আমন্ত্রণে ট্রাম্প দেশটিতে যাচ্ছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার এক টুইট বার্তায় ট্রাম্পও তার মেক্সিকোযাত্রার কথা নিশ্চিত করেছেন।
“আমি মেক্সিকোর প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করেছি এবং তার সঙ্গে আগামীকালের বৈঠক নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি”, টুইটে বলেন ট্রাম্প।
ট্যুইটারে দেয়া এক বার্তায় মেক্সিকান সরকারও বুধবার ট্রাম্প ও পিনা নিয়েতোর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে ‘একান্তে’ বৈঠক করবেন বলে দেশটির প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
আলোচিত এই সফর নিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট পিনা নিয়েতোও টুইট করেছেন ।
তিনি বলেছেন, “মেক্সিকোর স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমি সবসময়ই আলোচনায় আগ্রহী; আরও বিশেষ করে যেখানে মেক্সিকানদের রক্ষা করার বিষয় থাকে।”
দেশটির প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকেই আমন্ত্রণ জানিয়েছেন।
আমন্ত্রণ পাওয়ার পরপরই ট্রাম্প নাটকীয় ঢঙে তা গ্রহণ করেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন প্রক্রিয়া সামলানোর বিষয়ে একটি প্রস্তাব দেয়ার কয়েক ঘন্টা আগে নিয়েতোর সঙ্গে ট্রাম্পের এ বৈঠক সবাইকে আগ্রহী করে তুলেছে।
জনমত জরিপে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারির চেয়ে বেশ খানিকটা পিছিয়ে আছেন ট্রাম্প। এর জন্য অভিবাসী, মুসলমান ও মেক্সিকানদের নিয়ে তার ‘তির্যক মন্তব্য’কে দায়ী করা হচ্ছে।
অনেকে অবশ্য ট্রাম্পের এ ধরনের বক্তব্যকে ‘প্রচার পাওয়ার কৌশল’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছেন। বৈঠকের পর ট্রাম্প মেক্সিকো বিষয়ে তার আগে দেয়া বক্তব্য থেকে সরে আসেন কী না তা নিয়েও কৌতূহল রয়েছে।
নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেক্সিকানদের ‘সন্ত্রাসী’ ও ‘ধর্ষক’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভেতরে মার্কিন নাগরিকদের চাকরি না পাওয়ার পেছনেও মেক্সিকান অভিবাসীদের দায়ী করেছেন ট্রাম্প।
ট্রাম্পের ভাষ্য, সস্তা শ্রমের কারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো মেক্সিকোর নাগরিকদের বেশি সুযোগ দিচ্ছে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তুলে দেয়ার ইচ্ছার কথাও বারবার বলেছেন এ আবাসন ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানিয়েছিলেন পিনা নিয়েতো।
তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জিতে গেলে যুক্তরাষ্ট্র যদি এ ধরনের কোনো পরিকল্পনা হাতেও নেয়, সেখানে মেক্সিকো অর্থ ব্যয় করবে না।
প্রত্যুত্তরে ট্রাম্প বলেছিলেন, প্রয়োজনে অভিবাসী মেক্সিকানদের রেমিটেন্স আটকে দেয়াল নির্মাণের ব্যয় আদায় করে নেয়া হবে।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক মেক্সিকান অভিবাসী রয়েছে। এদের পাঠানো রেমিটেন্সের ওপর দরিদ্র মেক্সিকানরা অনেকাংশে নির্ভর করে। সেজন্য ট্রাম্পের বক্তব্য দেশটির জনগণকে শঙ্কিত করে তুলেছে।
ধনকুবের এই ব্যবসায়ীর এসব বক্তব্যের প্রতিবাদে মেক্সিকোতে বিক্ষোভ হয়েছে; খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে ট্রাম্পের মৃত্যুকামনা করে পোড়ানো হয়েছে কুশপুত্তলিকা।
নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্প এর আগে জুনে স্কটল্যান্ডে তার মালিকানাধীন একটি গলফ মাঠে গিয়েছিলেন। ওই সফর ব্রেক্সিট নির্বাচনের আগে আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রভাবিত করেছিল বলে দাবি রয়টার্সের।
