২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে গ্রেনেড বিস্ফোরণে শিশু নিহত

সুইডেনের গোথেনবার্গ শহরে একটি ফ্ল্যাটে নিক্ষিপ্ত গ্রেনেড বিস্ফোরণে আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 12:53 PM

Updated : 12 Apr 2022, 02:44 AM

বিবিসি জানিয়েছে, নিহত ইউসুফ ওয়ারসামি মা ও ভাইয়ের সঙ্গে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে তাদের আত্মীয়দের বাসায় বেড়াতে এসেছিল।

গ্রেনেডটি যখন শহরের বিসকোপসগার্টেনের ওই  ফ্ল‌্যাটের জানালা দিয়ে ভেতরে এসে পড়ে তখন লিভিংরুমে ঘুমিয়ে ছিল বালকটি। একই ঘরে তার মা, বোন ও ভাইও ছিল। সামান্য আঘাত পেলেও তারা বেঁচে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে ওয়ারসামি মারা যায়।

তখন ওই ফ্ল্যাটে অন্ততপক্ষে পাঁচটি শিশু এবং বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি ছিলেন।

পুলিশ বলেছে, “ঘৃণ্য এই হামলার ঘটনাটি সম্ভবত অপরাধ জগতের বিরোধের সঙ্গে সম্পর্কিত।”

গেল বছর এলাকাটিতে সংঘটিত প্রাণঘাতী এক গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি এই ঠিকানায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের মুখপাত্র থমাস ফুক্সবর্গ বলেছেন, “হামলার বিষয়টি ওই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখতে হবে। আমাদের ধারণা, এটাই হতে পারে।” 

গেল বছরের মার্চে এই এলাকার সোমালি কমিউনিটিতে ওই প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছিল। স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত ব্যক্তিরা স্থানীয় একটি পাবে হামলা চালায়। তারা পুলিশের খাতায় তালিকাভুক্ত এক ব্যক্তি ও পাশে থাকা আরেক নিরীহ ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

চলতি মাসের প্রথম দিকে ওই ঘটনায় অভিযুক্ত আট ব্যক্তিকে সাত বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

মাদক অপরাধী চক্রগুলোর বিরোধের জের ধরে ওই গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদপত্রগুলো।

সুইডেনে অপরাধের হার খুবই কম। তবে রাজধানী স্টকহোম, গোথেনবার্গ ও মালমোর দরিদ্র এলাকাগুলোতে সংঘটিত সহিংসতার মোকাবিলা পুলিশের জন্য কঠিন হয়ে পড়ছে।