২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বিয়েতে হামলায় নিহতদের অধিকাংশই শিশু

তুরস্কে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৪ জনের অধিকাংশই শিশু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 06:52 PM

Updated : 12 Apr 2022, 02:43 AM

হামলাকারীও ১২ থেকে ১৪ বছরের একটি শিশু ছিল বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।

তুর্কি গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, নিহতদের মধ্যে ২৯ জনের বয়সই ১৮ বছরের কম। আর ২২ জনের বয়স ১৪ বছরেরও কম বলে জানান স্থানীয় এক কর্মকর্তা।

শনিবার সিরিয়া সীমান্তবর্তী কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ওই হামলায় ঘটনাস্থলেই ৫১ জনের মৃত্যু হয়।

হামলায় আরও ৬৯ জন আহত হয়। যাদের ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়।

এখনও আরও ৬৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে ১৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

 হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। সন্দেভাজন হিসেবে ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করছে তুরস্ক।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, সম্ভবত ইসলামিক স্টেট জঙ্গিরাই এ হামলা চালিয়েছে, যা এ বছরের মধে্যে তুরস্কে সবচেয়ে ভয়াবহ হামলা।

 দৈনিক হুররিয়াৎ এর খবরে বলা হয়, সোমবার নিহতদের ডিএনএ পরীক্ষার ফল প্রকাশ পাওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে তদন্তকর্মকর্তারা আত্মঘাতী হামলাকারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করবেন।

কুর্দি সমর্থকদের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় যে ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল এ হামলায়ও একই ধরনের বোমা ব্যবহার করা হয়েছে বলে জানায় পত্রিকাটি।

প্রসিকিউটরের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তির খোঁজ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই দুই ব্যক্তি সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানে এসেছিল এবং হামলার আগ মুহূর্তে অনুষ্ঠান স্থল ত্যাগ করে।

কুর্দিপন্থি পিপলস ডেমক্রাটিক পার্টির পক্ষ থেকে বলা হয়, সেটা তাদের এক সদস্যের বিয়ের অনুষ্ঠান ছিল।

আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আগত অতিথিরা রাস্তায় নেমে নাচ-গান করছিল। ওই ভিড়ের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় বর ও কনে দুইজনই আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ২৫ বছর বয়সী ভেলি চাঁন বলেন, “সেখানে সর্বত্র রক্ত ও ছিন্ন-বিচ্ছিন্ন দেহাবশেষ পড়ে ছিল।”

পুরনো খবর:

তুরস্কে বিয়েতে হামলাকারী ‘১২-১৪ বছরের শিশু’