মাদাগাস্কারে ২ ফরাসি এনজিও কর্মীকে হত্যা
সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী রক্ষায় কাজ করা মাদাগাস্কারের একটি বেসরকারি সংস্থার (এনজিও) দুই ফরাসি স্বেচ্ছাসেবীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মাদাগাস্কারের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলের সেইন্ট ম্যারি দ্বীপে ওই দুই ফরাসি নাগরিক ‘বর্ণবাদী’ হামলায় নিহত হয়েছেন বলে রোববার রাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল জানিয়েছে, রোববার ভোররাতে একটি নৈশক্লাব থেকে প্রায় ১৫০ মিটার দূরে ২৫ বছর বয়সী এক তরুণ ও ২৩ বছর বয়সী এক তরুণীর লাশ পাওয়া যায়। দুজনকেই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নিহতরা সেতামাদা নামের পরিবেশ বিষয়ক এনজিওর স্বেচ্ছাসেবী ছিলেন।
মাদাগাস্কারের কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তকাজে স্থানীয় পুলিশকে সহায়তা দিতে সোমবার ফরাসি পুলিশের একটি দলের মাদাগাস্কার আসার কথা রয়েছে।
