২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকেট হামলার জবাবে গাজায় ইসরায়েলের পাল্টা হামলা

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলার জবাবে গাজায় ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ  ও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Aug 2016, 12:55 PM

Updated : 12 Apr 2022, 02:43 AM

রোববার ইসরায়েলের সীমান্ত শহর সেদেরথের একটি আবাসিক এলাকায় গাজা থেকে ছোঁড়া রকেট এসে পড়ে, তবে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এর জবাবে ইসরায়েলি বিমান ও ট্যাঙ্কগুলো গাজার বেইত হানুন শহরে বোমাবর্ষণ ও গোলা নিক্ষেপ করে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

প্রাথমিকভাবে ছোঁড়া ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় একটি পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছেন বেইত হানুনের বাসিন্দারা।

পরে সন্ধ্যায় ইসরায়েলি জঙ্গিবিমানগুলো গাজার বিভিন্ন স্থানে অন্ততপক্ষে ৩০টি স্থাপনা লক্ষ করে বোমাবর্ষণ করে। হামাস, ইসলামিক জিহাদ ও গাজার অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনা লক্ষ করে এসব হামলা চালানো হয়।

এসব বিমান হামলায় দুইজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার চিকিৎসকেরা।  

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, রকেট হামলার সময় সেদেরথে একটি সঙ্গীতানুষ্ঠান চলছিল, হামলার পর নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের ছোটাছুটিতে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড হামাসের নিয়ন্ত্রণে আছে এবং ২০১৪ সালের পর থেকে ইসরায়েলের সঙ্গে তাদের কার্যত যুদ্ধবিরতি চলছে। কিন্তু গাজার কয়েকটি ক্ষুদ্র সালাফিপন্থি উগ্রগোষ্ঠী যুদ্ধবিরতি না মেনে মাঝে মাঝে ইসরায়েলে রকেট হামলা চালায়।

চলতি বছর এ রকম ১৪টি রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।