ক্ষমা চাইলেন সোনাজয়ী মার্কিন সাঁতারু
রিও অলিম্পিকে বন্দুকের মুখে ডাকাতির শিকার হওয়ার ‘অতিরঞ্জিত অভিযোগ’ জানানোর জন্য ব্রাজিলবাসীর কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের সোনজয়ী সাঁতারু রায়ান লকটি।
শনিবার রাতে ব্রাজিলের বৃহত্তম ব্রডকাস্টার গ্লোবো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনা ‘অতিরঞ্জনের’ কথা স্বীকার করেন তিনি, খবর বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের।
তবে ‘অতিরঞ্জন’ কথা স্বীকার করলেও যা ঘটেছে সে বিষয়ে মিথ্যা বলেননি বলে দাবি করেছেন তিনি।
রিওতে এক সংবাদ সম্মেলনে লকটি দাবি করেছিলেন, তিনি ও তার সঙ্গী যুক্তরাষ্ট্রের অপর তিন সাঁতারু একটি পেট্রল পাম্পে ডাকাতির শিকার হয়েছেন।
কিন্তু পেট্রল পাম্পের সিসিটিভির ফুটেজে পাওয়া তথ্যের সঙ্গে লকটির দাবির মিল খুঁজে পাওয়া যায়নি, ওই ফুটেজে মার্কিন সাঁতারুদের পেট্রল পাম্পটিতে ভাংচুর করতে দেখা যায়।
এ বিষয়ে লকটি বলেন, “ঘটনার বিষয়ে আমি মিথ্যা বলিনি, আমার সঙ্গে যা ঘটেছে তা অতিরঞ্জিত করেছি আমি।”
এরপর দুঃখপ্রকাশ করে তিনি বলেন, “ব্রাজিলের এটি পাওনা নয়।”
ঘটনাটি এবং ওই চার মার্কিন সাঁতারুর আচরণ তদন্ত করতে একটি ডিসিপ্লিনারি কমিশন গঠন করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
গত রোববার লকটির মায়ের মাধ্যমে ডাকাতির অভিযোগটি গণমাধ্যমে আসে। এরপর সংবাদ সম্মেলনে লকটি ওই ঘটনার বিস্তারিত বিবরণ দেন।
তিনি জানান, ভোররাতে তিনি ও অন্য সাঁতারুরা একটি ক্লাব থেকে ট্যাক্সিতে করে ফিরে আসার সময় বন্দুকধারী এক ব্যক্তি রাস্তার পাশে গাড়ি থামাতে বাধ্য করে বন্দুকের মুখে ডাকাতি করে।
এর একদিন পরই পুলিশ জানায়, মার্কিন সাঁতারুদের বক্তব্যে অসঙ্গতি আছে। পরে সিসিটিভি ফুটেজেও ঘটনার অন্য ভাষ্য পাওয়া যায়।
এ ঘটনায় তিন মার্কিন সাঁতারুর পাসপোট জব্দের পর তাদের একজনকে ১১ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
