চীনে ‘সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাঁচের সেতু’ উদ্বোধন
চীনের মধ্যাঞ্চলের হুনান প্রদেশে তৈরি ‘বিশ্বের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে দীর্ঘ’ কাঁচের সেতুটি দর্শণার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।
সিনহুয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়, ঝ্যাংজাজি অঞ্চলে অ্যাভাটর পর্বতমালা নামে পরিচিত এলাকায় একটি গিরিখাতের দুইপ্রান্ত জুড়ে দিয়েছে ৪৩০ মিটার দীর্ঘ এই সেতুটি।
ভূমি থেকে ৩০০ মিটার উঁচুতে অবস্থিত সেতুটি তৈরিতে ৩৪ লাখ মার্কিন ডলার খরচ হয়েছে।
তিন স্তর বিশিষ্ট স্বচ্ছ কাঁচের ৯৯টি বিশাল বিশাল খণ্ড জোড়া দিয়ে সেতুটির পাটাতন তৈরি করা হয়েছে।
চীনের কর্মকর্তাদের বরাত দিয়ে সিনহুয়া জানায়, ৬ মিটার চওড়া সেতুটি নকশা করেছেন ইসরায়েলের স্থপতি হাইম ডুটন।
ফাইল ছবি
বিবিসির খবরে বলা হয়, চিনাদের মধ্যে কাঁচের তৈরি সেতু নিয়ে এক ধরণের পাগলামী রয়েছে। এ ধরনের সেতুগুলোতে গণ যোগব্যায়াম ও বিয়ের অনুষ্ঠান পর্যন্ত হয়।
যদিও নতুন সেতুটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে এখনও কিছু প্রশ্ন রয়েছে।
কর্মকর্তারা জানান, কঠোর পরীক্ষার মাধ্যমে সেতুটির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে।
এ বছরের শুরুতে বড় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এমনকি যাত্রীভর্তি গাড়ি সেতুর উপর দিয়ে চালিয়ে এর নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে।
প্রতিদিন সর্বোচ্চ আট হাজার দর্শণার্থীকে সেতুটির উপর উঠার অনুমতি দেওয়া হবে।
