২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানব ঢাল’ নিয়ে মানবিজ থেকে পালিয়েছে আইএস

সিরিয়ার মানবিজ থেকে পালিয়ে যেতে বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বিমান থেকে তোলা কয়েকটি ছবিতে এমনটিই দেখা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 08:56 PM

Updated : 12 Apr 2022, 02:42 AM

ছবিগুলোতে শতাধিক যানবাহনের একটি বহর দেখা যায়। সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) পক্ষ থেকে বলা হয়, ছবিগুলো শুক্রবারের।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধারা ওই গাড়ি বহরে হামলা চালায়নি। কারণ, প্রতিটি গাড়িতেই বেসামরিক নাগরিকদের তুলে নিয়েছিল আইএস। এসব নাগরিক হতাহতের ঘটনা এড়াতেই গাড়িবহরে হামলা চালানো হয়নি।

ধারণা করা হচ্ছে, আইএস জঙ্গিরা উত্তর দিকে এগুচ্ছে এবং তাদের লক্ষ্য তুরস্ক সীমান্ত।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা ও বিশেষ বাহিনীর সহায়তায় ১০ সপ্তাহের অভিযানে মানবিজের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এসডিএফ।

শুক্রবার এসডিএফ-র পক্ষ থেকে মানবিজের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা আসে।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর মুখপাত্র কর্নেল ক্রিস গার্ভের সাংবাদিকদের বলেন, মানবিজের দখল হাতছাড়া হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর একশ থেকে দুইশ আইএস জঙ্গি তাদের পরিবারের সদস্য, সমর্থক ও বেসামরিক জিম্মিদের এক জায়গায় জড়ো করে।

এরপর তারা প্রতিটি গাড়িতে জঙ্গিদের সঙ্গে বেসামরিক জিম্মিদেরও তুলে দেয়। এসডিএফ যোদ্ধা ও জোটের সেনারা তাদের অনুসরণ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমরা তাদের সবাইকেই বেসামরিক নাগরিক হিসেবে বিবেচনা করছি। আমরা গুলি করছি না, শুধু তাদের উপর নজর রাখছি।”

অভিযান চলাকালে এসডিএফ যোদ্ধারা বেসামরিক নাগরিক হতাহত হওয়া এড়াতে আইএস জঙ্গিদের নিরাপদে মানবিজ থেকে বের হয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আইএস ওই প্রস্তাব ফিরিয়ে দেয়।

কর্নেল গার্ভের বলেন, “আইএস জঙ্গিরা গোলাগুলির মধ্যে বেসামরিক নাগরিকদের ঠেলে দিচ্ছে। যাতে তাদের গুলি লাগে এবং একে তারা নিজেদের পক্ষে প্রচারে কাজে লাগাতে পারে।”

জুনে ইরাকের ফাল্লুজা শহর থেকেও এভাবে বিশাল গাড়ি বহরে করে পালানোর চেষ্টা করেছিল আইএস জঙ্গিরা। সেবার ইরাক ও জোট বাহিনী তাদের ‍উপর বোমা হামলা করে। হামলায় প্রায় ১৭৫টি গাড়ি ধ্বংস হয়ে যায়।