বিশ্বকে থমকে দিয়েছে যে ছবি
সিরিয়ায় বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে বেঁচে যাওয়া এক শিশুকে উদ্ধারের পর তোলা ভিডিও এবং ছবি গোটা বিশ্বকে হতবাক করেছে।
এতে দেখা গেছে, রক্তাক্ত মুখ, সারাগায়ে ধূলো মাখা একটি শিশু অ্যাম্বুলেন্সের সিটে বসে আছে, নিজের মুখে হাত বুলিয়ে হাতে রক্ত দেখছে।
আলেপ্পোয় বিমান হামলার পর বিধ্বস্ত ভবন থেকে শিশুটিকে উদ্ধার করার পর সিরিয়ার বিদ্রোহীরা ভিডিওসহ ছবি স্যোশাল মিডিয়ায় প্রকাশ করার পরই আলোড়ন সৃষ্টি হয়েছে। ছবিটি অনেককেই মর্মাহত করেছে, সঞ্চার করেছে ক্ষোভ।
ওমরান দাকনিশ নামের পাঁচ বছর বয়সী এ শিশুটিকে মাথায় আঘাতের জন্য বুধবার রাতে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিবিসি জানায়, শিশুটির বাবা-মা এবং তিন সন্তান হামলা থেকে বেঁচে গেছে বলেই ধারণা করা হচ্ছে।
সিরিয়ার আলেপ্পোতে কয়েক সপ্তাহ ধরেই বিদ্রোহী আর সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলছে। সহিংসতায় কয়েকশ’ মানুষ নিহত হয়েছে।
বিদ্রোহীপন্থি ‘আলেপ্পো মিডিয়া সেন্টার’ জানিয়েছে, আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত কাটের্জি এলাকার একটি ভবনে বিমান হামলার পর শিশুটিকে উদ্ধারের সময় ছবিটি তোলা হয়। ওই হামলায় তিনজন নিহত এবং ১২জন আহত হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত ভবন থেকে শিশুটিকে উদ্ধার করে আনা হচ্ছে। এরপর অ্যাম্বুলেন্সের সিটে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে। তার মুখ রক্তমাখা আর দেহ ধুলোমাখা।
শিশুটি খানিকক্ষণ শান্ত হয়ে বসে থাকার পর নিজের মুখে হাত বুলিয়ে, হাতে রক্ত দেখতে পায়। এরপর সে রক্ত অ্যাম্বুলেন্সের সিটে মুছে ফেলে।
আলেপ্পোর এক চিকিৎসক ওসামাব আবু আল-ইজ্জ বার্তা সংস্থা এপিকে বলেন, শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের এক সদস্য টুইটে বলছেন, এ ছবিই প্রমাণ করছে, সিরিয়ায় কী ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
