তুরস্কে দু’টি বোমা হামলায় নিহত ৭
তুরস্কে একটি পুলিশ স্টেশন এবং একটি সামরিক যানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত ও ২২৪ জন আহত হয়েছে।
পূর্বাঞ্চলীয় ইলাজিগ শহরের পুলিশ স্টেশনে সকালের দিকে একটি গাড়িবোমা হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং ২১৭ জন আহত হয়। এর মধ্যে ৮৫ জন পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
এর চারঘন্টারও কম সময়ের মধ্যে বিতলিস প্রদেশের হিজান এলাকায় একটি সামরিক যানে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন সেনাসহ গ্রামরক্ষী বাহিনীর এক রক্ষী নিহত এবং আরও ৭ সেনা আহত হয়।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিরাই রাস্তায় বোমা পেতে রাখে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।
বোমা হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে প্রধানমন্ত্রী ইলদিরিম বলেছেন, হামলা নিঃসন্দেহে পিকেকে’ই চালিয়েছে। এ গোষ্ঠীটিকে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসাবেই দেখে।
পুলিশ স্টেশনে হামলার ফুটেজ সম্প্রচার করেছে সিএনএন তুর্ক চ্যানেল। এতে দেখা যায়, বিস্ফোরণের পর পুলিশ স্টেশনটির ভেতরে থাকা পুলিশ কর্মকর্তারা পড়ে যান এবং ধোঁয়ার আড়ালে ঢাকা পড়ে যান।
বোমাটি কমপ্লেক্সটির ঠিক বাইরে স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে বিস্ফোরিত হয়। পুলিশের কর্মকর্তারা সবে অফিসে এসে দিনের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন। তিনি বলেন, “পিকেকে-এর প্রকৃত রূপ জনগণ দেখছে।”
২০১৫ সাল থেকে পিকেকে কুর্দি অধ্যুষিত তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে পুলিশ ও সেনা পোস্ট লক্ষ করে ডজনেরও বেশি হামলা চালিয়েছে।
কিন্তু ক্ষমতাসীন একে পার্টির বিশাল ভোট ব্যাংক হিসেবে পরিচিত রক্ষণশীল ইলাজিগ প্রদেশে এরআগে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।
