বস্ফোরাস প্রণালীতে দুটি জলযানের সংঘর্ষে নিহত ৩
তুরস্কের বস্ফোরাস প্রণালীতে মালবাহী একটি জাহাজের সঙ্গে তুর্কি উপকূল-রক্ষীদের একটি জলযানের সংঘর্ষে তিন তুর্কি উপকূলরক্ষী নিহত হয়েছেন।
বুধবারের এ ঘটনার আরো চার তুর্কি উপকূলরক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে ইস্তাম্বুল গভর্নর দপ্তর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার পর বস্ফোরাসের ব্যস্ত জাহাজ চলাচল পথটি সাময়িকভাবে বন্ধ করে দেন তুর্কি কর্মকর্তারা।
প্রণালীর দক্ষিণ প্রান্তে সকাল ৮টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে, দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকার পর আবার চলাচল শুরু হয়।
কুক দ্বীপের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার টোলুনি-র সঙ্গে সংঘর্ষে তুর্কি উপকূল-রক্ষীদের জলযানটি ডুবে যায়।
শিপিং এজেন্ট জিএসি জানিয়েছে, বাল্ক ক্যারিয়ারটি কৃষ্ণ সাগরের দিকে যাচ্ছিল।
বিশ্ব বাজারে সরবরাহ করা অপরিশোধিত খনিজ তেলের তিন শতাংশেরও বেশি বস্ফোরাস প্রণালী পথে বাহিত হয়। এসব তেলের অধিকাংশই রাশিয়া ও কাস্পিয়ান সাগরের খনিগুলো থেকে উত্তোলিত।
১৭ মাইল দীর্ঘ বস্ফোরাস প্রণালী কৃষ্ণসাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।
