৩৮ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে তুরস্ক
ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তিদের স্থান সঙ্কুলানের জন্য কারা সংস্কার আইনের অধীনে ৩৮ হাজার বন্দিকে মুক্তি দেবে তুরস্ক।
দেশে জরুরি অবস্থার মধ্যে তুরস্ক সরকার বিশেষ ক্ষমতা বলে বুধবার নতুন দুইটি আদেশ (ডিক্রি) জারি করেছে। ওই আদেশে কারা সংস্কারের কথাও বলা হয়েছে।
ওই আদেশ সরকারি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।
১৫ জুলাই তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানকে উৎখাতের প্রচেষ্টা চালায়। কিন্তু এরদোয়ানের সমর্থকদের প্রতিরোধে ওই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
অভ্যূত্থানে অংশ নিয়েছেন বা কোনও ভাবে জড়িত আছেন সন্দেহে বিচারক, সেনা কর্মকর্তা, সরকারি ও বেসকারি কর্মকর্তা ও শিক্ষকসহ কয়েক হাজার তুর্কি নাগরিককে আটক বা বরখাস্ত করা হয়েছে। অনেকের বিরুদ্ধে তদন্তও চলছে।
পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, এর মাধ্যমে প্রেসিডেন্ট এরদোয়ান প্রশাসন এবং সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে।
পশ্চিমা উদ্বেগে ক্ষুব্ধ তুর্কি কর্তৃপক্ষের দাবি, তারা দেশের ভেতর থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারীদের সমূলে উৎখাত করতে চাইছে।
এরদোয়ানের দাবি, অনুসারীদের সহায়তায় গুলেন তাকে ক্ষমতা থেকে উৎখাতের চক্রান্ত করছে।
বুধবার প্রজ্ঞাপন জারি করে আরও দুই হাজার ৩৬০ জন পুলিশ কর্মকর্তাকে, শতাধিক সেনা কর্মকর্তাকে এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কর্তৃপক্ষের ১৯৬ কর্মীকে বরখাস্ত করা হয়।
গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে উপরের ব্যক্তিদের বরখাস্ত করা হয়।
কর্তৃপক্ষ জানায়, ওই সব বন্দিদেরই মুক্তি দেওয়া হবে যারা অর্ধেকের বেশি সাজার মেয়াদ ভোগ করেছে।
আর যারা মেয়াদের এক-তৃতীয়াংশ ভোগ করেছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
কারা সংস্কার বিষয়ে টুইটারে তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেন, “এই সংস্কার কার্যক্রমের অধীনে প্রথম পর্যায়ে প্রায় ৩৮ হাজার কারাবন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।”
“তবে রাষ্ট্রীয় ক্ষমার অধীনে তাদের মুক্তি দেওয়া হচ্ছে না।” কি কারণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।
গত ১৫ বছর ধরে তুরস্কের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার তিনগুণ বেশি বন্দি রাখা হচ্ছে।
