২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রের ‘ডা. ডেথ’: নারীদের রক্ষাকারী থেকে হত্যাকারী

গেল ১৩ বছর ধরে মহারাষ্ট্রের কেউ সাতারার ‘ডাক্তার’ সন্তোষ পলের খামারের গোপন কবরের কথা ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেনি। এখন ওই খামারবাড়ি থেকে একের পর এক কঙ্কাল বের হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 03:44 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

এনডিটিভি বলছে, ১৩ অগাস্ট গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি অতিরিক্ত প্রাণঘাতী ওষুধ ইঞ্জেকশন দিয়ে ছয় নারীকে হত্যার কথা স্বীকার করেন, এতে তার নাম হয় ‘ডাক্তার ডেথ’। 

সোমবার তার খামার বাড়ির মাটি খুঁড়ে প্রায় কঙ্কাল হয়ে যাওয়া চারটি লাশ উদ্ধার করা হয়।

স্বঘোষিত ডাক্তার ও দুর্নীতি-বিরোধী আন্দোলনকারী পল পরোপকারী সেজে সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি দুঃস্থ তরুণী নারীদের কাজ দিতেন এবং তাদের অতি প্রয়োজনের সময় সাহায্য করতেন।

কিন্তু তিনি যে নারীদের সাহায্য করতেন তারা যে এক সময় কোনো ব্যাখ্যা ছাড়াই হারিয়ে যেতেন তা কেউ খেয়াল করেননি। ওই নারীদের আর দেখা যেত না।

এ ধরনের এক নারী, সমাজকর্মী মানগালা জেদহি নিখোঁজ হওয়ার পর পুলিশ তদন্তে নেমে এর সঙ্গে জড়িত থাকার দায়ে পলকে আটক করে। পল প্রথমে খুব শান্তভাবে সবকিছু অস্বীকার করে জেদহির নিখোঁজের বিষয়ে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।

কিন্তু নিখোঁজ হওয়ার আগে জেদহি ও তার মধ্যে ফোনে বারবার কথা বলার রেকর্ড পুলিশ মেলে ধরলে সে ভেঙে পড়ে সবকিছু স্বীকার করে। এরপর পুলিশ জানতে পারে, পল একজনকে নয় ঠাণ্ডা মাথায় ছয়জনকে খুন করেছে। 

পলের ষষ্ঠ শিকার জেদহি ১৫ জুন তার নিজ গ্রাম সাতারার ভেলাং থেকে নিখোঁজ হন। স্থানীয় অঙ্গনবাদী সংস্থার তিনি সভাপতি ছিলেন এবং গ্রামের বাড়িতে একাই থাকতেন। তার স্বামী ও কলেজ-পড়ুয়া ছেলে মুম্বাইয়ে থাকেন।  

তার ছেলে প্রমোদ জানান, বোনের ডেলিভারির কারণে তার মায়ের পুনে যাওয়ার কথা ছিল। তিনি রওয়ানা হয়েছিলেন বলেও জানিয়েছিলেন, কিন্তু তিনি আর কখনোই পুনে পৌঁছাননি।

ওয়াই থানায় গিয়ে তারা মার নিখোঁজ হওয়ার সংবাদ দিয়ে একটি সাধারণ ডায়েরি করেন, তবে পুলিশ তাদের অপহরণের মামলা দিতে চাপ দিয়েছিল বলে জানান প্রমোদ।

তদন্তে দেখা যায়, জেহদি এবং পল ১৯৯৮ সাল থেকে পরস্পরকে চিনতেন। পুলিশ আরো জানতে পারে, নিখোঁজ হওয়ার আগে জেহদি ও পল পরস্পরকে বেশ কয়েকবার কল দিয়েছেন, এরপর তারা পলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এক পুলিশ কর্মকর্তা জানান, পল স্বীকার করেন জেহদির কন্যার ডেলিভারির জন্য তাকে দুই লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ডেকে নেন।

পুলিশ সন্দেহ করে, পলের আগের খুনগুলোর কথা জানা থাকায় এবং সেগুলো ব্যবহার করে ফাঁদে ফেলায় জেহদিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পল।

নিজের বান্ধবী সেবিকা জয়তি মান্দারের সহায়তা নিয়ে পল জেহদিকে অ্যানেস্থেসিয়ার ওভার ডোজ ইঞ্জেকশন দেন। তারপর জেহদির লাশ ধোম গ্রামে নিজ খামার বাড়িতে পুঁতে ফেলেন।

এসব স্বীকার করার আগে পল পুলিশ ও জেহদির পরিবারের সদস্যদের ধারণা দিয়েছিল, জেহদি বেঁচে আছেন এবং জেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

কিন্তু পুলিশের পরিদর্শক পদ্মাকার ঘানওয়াত খবর পান, পল ও জয়তি মিলে জেহদিকে অপহরণ করে খুন করেছেন।

এই খবর পেয়ে তাদের ধরার জন্য পুলিশ তল্লাশি শুরু করে। ১০ অগাস্ট ফাঁদ পেতে ওয়াই থেকে জয়তিকে আটক করে পুলিশ, এরপর ১৪ অগাস্ট রাত প্রায় ২টায় সাতারার পুলিশ পলকে মুম্বাইয়ের দদর থেকে আটক করে।