দিল্লিতে ঘুড়ির মাঞ্জা সুতায় গলা কেটে ৩ জনের মৃত্যু
ভারতের স্বাধীনতা দিবসে ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতায় গলা কেটে দুই শিশুসহ তিনজনের মৃত্যুর ঘটনায় দিল্লি সরকার মাঞ্জা দেওয়া সুতার ব্যবহার নিষিদ্ধ করেছে।
সোমবার আলাদা তিনটি ঘটনায় এ তিনজনের মৃত্যু হয়েছেন বলে বুধবার জানিয়েছে এনডিটিভি।
ওই দিন সন্ধ্যায় ১০ কিলোমিটারের ব্যবধানে তিন বছর বয়সী সাঞ্চি গৈয়াল এবং চার বছর বয়সী হ্যারি গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে ভ্রমণ করার সময় ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতায় উভয়ের গলা কেটে যায়। একই দিন পশ্চিম দিল্লিতে মোটরসাইকেলে করে একটি ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় মাঞ্জার সুতায় ২২ বছর বয়সী জাফর খানের গলা কেটে যায়।
গেল এক সপ্তাহে একই ধরনের ঘটনায় চারজনের মৃত্যু ও এক পুলিশসহ তিনজন আহত হওয়ার পর এক ঘোষণায় দিল্লি সরকার ধাতু বা কাঁচের মাঞ্জা দেওয়া সুতা বিক্রি, উৎপাদন, গুদামজাত ও ব্যবহার করা নিষিদ্ধ করেছে।
দিল্লিতে এসব মাঞ্জা দেওয়া সুতা ‘চাইনিজ মাঞ্জা’ নামে পরিচিত।
এখন থেকে দিল্লিতে ঘুড়ি ওড়াতে শুধু সুতি সুতা ও প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি মাঞ্জামুক্ত সুতা ব্যবহার করতে হবে বলে ঘোষণায় বলা হয়েছে। এ নির্দেশ অমান্যকারীদের এক লাখ রুপি জরিমানা ও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হবে বলে ঘোষণায় জানানো হয়।
ভারতের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ১৫ অগাস্টে ভারতের রাজধানীর অনেক বাসিন্দাই তাদের বারান্দা বা বাগান থেকে ঘুড়ি উড়িয়ে থাকেন। সন্ধ্যার মধ্যে শহরটির অনেক গাছে, বৈদ্যুতিক খুঁটিতে এবং অন্যান্য জায়গায় মাঞ্জা দেওয়া সুতাসহ ঘুড়ি ঝুলে থাকতে দেখা যায়।
সোমবার সন্ধ্যায় এমনই ঝুলে থাকা এক ঘুড়ির সুতায় শিশু সাঞ্চির গলা কেটে যায়। মা-বাবার সঙ্গে সিনেমা দেখে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে। রানিবাগ হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
প্রতিবেশীরা জানিয়েছেন, মা-বাবার একমাত্র সন্তান ছিলেন সাঞ্চি। তার বাবা অলোক গৈয়াল একজন ব্যবসায়ী।
এর দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে মা-বাবা ও বড় বোনের সঙ্গে গাড়িতে করে বাসায় ফিরছিল হ্যারি। সে তাদের গাড়ির ছাদের সানরুফ দিয়ে মাথা বের করে রেখেছিল। এ সময় হঠাৎ ঘুড়ির সুতা তার গলায় পেঁচিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হ্যারিকে জনকপুরি হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ১১ অগাস্ট দিল্লি হাইকোর্ট চাইনিজ মাঞ্জার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য দিল্লি সরকার ও পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিল।
