মুদ্রাপাচারের অভিযোগে রাজাপাকসের ছেলে গ্রেপ্তার
মুদ্রাপচারে জড়িত থাকার সন্দেহে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বড় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নামাল রাজাপাকসের আইনজীবী রয়টার্সকে এ তথ্য জানান।
শ্রীলঙ্কার সাবেক সংসদ সদস্য নামাল এ নিয়ে দ্বিতীয়বার গ্রেপ্তার হলেন। এর আগে জুলাইয়ে অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
নামালের আইনজীবী প্রেমানাথ সি দোলাওয়াত্তা বলেন, “মুদ্রাপাচার বিরোধী আইনের অধীনে পুলিশ আমার মক্কেলকে গ্রেপ্তার করেছে।”
“আদালত তাকে এক সপ্তাহের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে।”
দুইটি বিদেশি কোম্পানিতে নামালের বিনিয়োগের বিষয়ে শ্রীলঙ্কার ফিনানসিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন তদন্ত করছে বলেও জানান দোলাওয়াত্তা।
গতবার গ্রেপ্তার হওয়ার সময় নামালের বিরুদ্ধে ৬৫ কোটি মার্কিন ডলারের অ্যাপার্টমেন্ট প্রজেক্টের তহবিল তছরূপের অভিযোগ ছিল।
ওই মামলায় সাত দিনের রিমান্ড শেষে তিনি জামিনে বের হন।
সর্বশেষ অভিযোগের বিষয়ে জানতে নামাল ও তার পরিবারের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হতে হয়।
এক দশক ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা রাজাপাকসে শ্রীলঙ্কার অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবীদ।
২০১৫ সালের নির্বাচনে নিজ দলের প্রার্থী মাইথ্রিপালা সিরিসেনার কাছে হেরে যান তিনি। রাজাপাকসের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সিরিসেনা।
