অস্ট্রেলিয়ার অ্যাংলিকান গির্জায় মুসলিম-বিরোধী গোষ্ঠীর হানা
মধ্যপ্রাচ্যের মুসলিমদের মতো পোশাক পড়ে ডানপন্থি খ্রিস্টান একটি গোষ্ঠীর সদস্যরা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি গির্জায় প্রার্থনা চলাকালে হানা দিয়ে বিঘ্ন ঘটিয়েছে।
বিবিসি বলছে, রাজ্যটির সেন্ট্রাল কোস্ট এলাকায় গোসফোর্ড অ্যাংলিকান গির্জায় এ কাণ্ড ঘটানোর সময় তথাকথিত এই প্রতিবাদকারীরা মুসলিম বিরোধী স্লোগানও দেয়।
রোববার সকালে গির্জাটিতে প্রার্থনা চলাকালে প্রায় ১০ জনের মতো একটি দল সেখানে প্রবেশ করে। তারা একটি লাউডস্পিকার নিয়ে মুসলিমদের মতো নামাজ ও সুরা পাঠের ভান করে।
এই ঘটনাটিকে ‘বর্ণবাদী উস্কানি’ বলে বর্ণনা করেছে আক্রান্ত গির্জাটি। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
অস্ট্রেলিয়ার পার্টি ফর ফ্রিডম সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ছবি ও ভিডিও পোস্ট করেছে।
ইসলামিক নেতৃবৃন্দ ও বহুসংস্কৃতির পক্ষে গির্জাটির অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছে তারা।
এই সংগঠনটি অস্ট্রেলীয় সিনেটর পাউলিন হ্যানসনের অভিবাসী-বিরোধী রাজনৈতিক দল ওয়ান ন্যাশন পার্টির মিত্র সংগঠন। অস্ট্রেলিয়ার সিনেটে ওয়ান ন্যাশন পার্টির চারটি আসন আছে।
