২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিমান হামলায় ১০ শিশু নিহত

ইয়েমেনের উত্তরাঞ্চলে বিমান হামলায় অন্তত ১০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী চিকিৎসা সংস্থা মিতস সঁ ফঁতিয়া (এমএসএফ)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Aug 2016, 03:22 PM

Updated : 12 Apr 2022, 02:39 AM

শনিবার চালানো এ হামলায় আরো ২১ শিশু আহত হয়েছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইয়েমেনে অধিপত্য বিস্তার করা শিয়া হুতি গোষ্ঠী।

“এমএসএফ আজ হাইদান সাদ্দা থেকে ২১ জন আহত ও ১০ জন নিহতকে গ্রহণ করেছে। এদের সবার বয়স ১৫ বছরের নিচে,” নিজের দাপ্তরিক ট্যুইটার একাউন্টে জানিয়েছে স্বেচ্ছাসেবী চিকিৎসা সংস্থাটি।

সাদ্দা এলাকার হুতি আন্দোলনের একজন জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আব্দুল-সালাম এ হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় আরব জোট বাহিনীকে দায়ি করেছেন।  

গত দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ইয়েমেনের পার্লামেন্টে অধিবেশন আহ্বানের মধ্যে শিশু হত্যার এ ঘটনাটি ঘটল। পার্লামেন্ট অধিবেশন আহ্বানের মধ্য দিয়ে হুতি আন্দোলন ও দেশের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগতরা সৌদি আরব–সমর্থিত দেশটির প্রবাসী সরকারকে চ্যালেঞ্জ জানালো বলে ধারণা করা হচ্ছে।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। ২০১৫ মার্চে হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নির্বাসনে পাঠানোর পর থেকে সৌদি আরব ও তার মিত্ররা হুতিদের বিরুদ্ধে কয়েক হাজার বিমান হামলা পরিচালনা করেছে।

এসব হামলা ও দুপক্ষের লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ছয় হাজার ৪০০ লোক নিহত হয়েছেন। নিহতদের প্রায় অর্ধেক বেসামরিক।