২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস অধিকৃত মসুল অভিমুখে কুর্দি বাহিনী

মসুল শহরের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে উত্তর ইরাকে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানগুলো লক্ষ্য করে হামলা শুরু করেছে কুর্দিদের পেশমেরগা বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Aug 2016, 01:38 PM

Updated : 12 Apr 2022, 02:39 AM

রোববার ভোররাতে শুরু করা পেশমেরগার এ অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে সহায়তা দিচ্ছে, জানিয়েছেন এক কুর্দি কর্মকর্তা।

আইএসের দখলকৃত শহরগুলোর মধ্যে মসুল বৃহত্তম। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার দূরের শহরটিকে নিজেদের প্রধান কেন্দ্র বা রাজধানী হিসেবে ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীটি। ২০১৪ সালে এই শহরটির কেন্দ্রীয় মসজিদ থেকেই আইএস নেতা আবু বকর বাগদাদি ইরাক ও সিরিয়ার দখলকৃত এলাকায় খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।    

মসুলের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ওয়ার্দাক থেকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি জানিয়েছেন, ভারী গোলাবর্ষণ ও বেশ কয়েকটি বিমান হামলার মাধ্যমে অভিযান শুরু করা হয়।

পেশমেরগা বাহিনীর কিছু অংশ ওয়ার্দাকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ওয়ার্দাক থেকে আইএসের অধিকৃত এলাকাগুলোতে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। বিমান হামলা থেকে বাঁচতে জঙ্গিরা টায়ার জ্বালিয়ে ঘন ধোঁয়া সৃষ্টি করে নিজেদের আড়াল করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। 

ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত এলাকার পেশমেরগা বাহিনী এবং ইরাকি সরকারি বাহিনী ধীরে ধীরে মসুলের আশপাশের এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। 

চলতি বছরের মধ্যেই আইএসের নিয়ন্ত্রণ থেকে মসুল পুনরুদ্ধারের কথা ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। শহরটি পুনরুদ্ধার করতে পারলে তা হবে ইরাকে আইএসের চূড়ান্ত পরাজয়।  

পেশমেরগা বাহিনী মসুলে উত্তর দিক থেকে আক্রমণ শুরু করেছে, অপরদিকে ইরাকি সামরিক বাহিনী শহরটির দক্ষিণ দিক থেকে এগিয়ে আসার চেষ্টা করছে।

জুলাইয়ে মসুলের ৬০ কিলোমিটার দক্ষিণে কাইয়ারা বিমানক্ষেত্রের নিয়ন্ত্রণ নেয় ইরাকি বাহিনী। এই বিমানক্ষেত্রটি মসুল আক্রমণে ইরাকি বাহিনীর প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে।