২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার চিফ অফ স্টাফ সের্গেই ইভানভ বরখাস্ত

রাশিয়ার চিফ অফ স্টাফ সের্গেই ইভানভকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 09:42 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

নতুন চিফ অফ স্টাফের দায়িত্ব পেয়েছেন ইভানভের ডেপুটি অ্যান্টন ভাইনো।

দীর্ঘদিন ধরে পুতিনের ঘনিষ্ঠজনদের অন্যতম ৬৩ বছর বয়সী ইভানভকে এখন পরিবেশ ও পরিবহন বিষয়ক বিশেষ প্রতিনিধি করা হয়েছে।   

২০১১ সালের ডিসেম্বরে চিফ অফ স্টাফের দায়িত্ব গ্রহণ করেছিলেন ইভানভ।

শুক্রবার রাশিয়ার একটি টেলিভিশনে পুতিন বলেন, ইভানভকে (চিফ অফ স্টাফের পদ) ত্যাগ করতে বলা হয়েছে।

“তার স্থলে ভাইনোকে নিয়োগ দেওয়া উচিত।”

ওই দিন ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের প্রধানের দায়িত্ব থেকে ইভানভকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন।”

তবে কি কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

ক্রেমলিনের ওয়েব সাইটে পুতিনকে উদ্দেশ্য করে ইভানভ বলেন, “এটা সত্যিই যে, ২০১২ সালের শুরুতে এক আলাপে আমি আপনাকে বলেছিলাম; চিফ অফ স্টাফের মত খুবই জটিল পদে চার বছরের জন্য আপনি আমার উপর আস্থা রাখতে পারেন।”

“ঠিক আছে, আমি চার বছর আট মাস প্রেসিডেন্টশিয়াল চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেছি।”

নতুন চিফ অফ স্টাফ হিসেবে অ্যান্টন ভাইনোর নাম ঘোষণা করা হয়েছে। ২০১২ সাল থেকে তিনি ইভানভের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সাবেক কূটনীতিক ভাইনো ১৯৭২ সালে এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন। রাশিয়ার রাজধানী মস্কোর স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স থেকে স্নাতক ডিগ্রি গ্রহণের পর তিনি জাপানে রাশিয়ার দূতাবাসে কাজ করেন।

চিফ অফ স্টাফের দায়িত্ব পাওয়ার পর পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ।”

চিফ অফ স্টাফের দায়িত্ব পাওয়ার আগে ইভানভ উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুতিনের মত তিনিও রুশ সিকিউরিটি কাউন্সিল ও কেজিবি স্টেট সিকিউরিটি সার্ভিসের সদস্য ছিলেন।