২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনমত জরিপে ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে হিলারি

জনমত জরিপে ডেমক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের জনসমর্থন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরও কিছুটা বেড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 07:27 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে ট্রাম্পের চেয়ে ৭ পয়েন্টের কিছু বেশি ব্যবধানে এগিয়ে গেছেন হিলারি।

রয়টার্স/ইপসোস পরিচালিত এ জনমত জরিপে প্রায় ৪২ শতাংশ জনসমর্থন পেয়েছেন হিলারি। আর ৩৫ শতাংশ ভোটারের পছন্দ ট্রাম্পকে।

৪ থেকে ৮ অগাস্ট অনলাইনে এ জরিপ পরিচালিত হয়। বৃহস্পতিবার প্রকাশিত অন্য একটি জরিপে হিলারি ও ট্রাম্পের মধ্যে ৩ পয়েন্টের কম ব্যবধান ছিল।

সেবার হিলারি ৪২ শতাশং ভোট এবং ট্রাম্প ৩৯ শতাংশ ভোট পেয়েছিলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে জনপ্রিয়তা হারিয়েছেন ট্রাম্প। রিপাবলিকান দলের অনেক প্রভাবশালী নেতাই ট্রাম্পকে পছন্দ করে না। গত সপ্তাহে প্রকাশ্যেই তাদের বিবাদ করতে দেখা গেছে।

এছাড়া, ডেমক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের বাবা ট্রাম্পের মুসলিম বিরোধী মন্তব্যের কড়া সমালোচনা করলে জবাবে ট্রাম্প ওই মুসলিম দম্পতিকে উপহাস করেন।

ট্রাম্পের এ আচরণে এমনকি রিপাবলিকান দলের নেতারাও সমালোচনা করতে ছাড়েননি।এর মধ্যেই সোমবার রিপাবলিকান দলীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা এক খোলা চিঠিতে  ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন।

 ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অপরিণামদর্শী প্রেসিডেন্ট হতে পারেন’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

ওই চিঠিতে যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে, বিশ্ব ব্যাংকের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট জোয়েলিক, সিআইএ-র সাবেক পরিচালক মাইকেল হেইডেন, যুক্তরাষ্ট্রের সাবেক দুই অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী টম রিজ ও মাইকেল চের্টফসহ দলটির ৫০ জন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ নেতা সই করেছেন।

খোলা চিঠিটিতে বলা হয়, “মুক্তবিশ্বের নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের নৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করছেন তিনি।”

চিঠিতে আরো বলা হয়, “যুক্তরাষ্ট্রের সংবিধান, আইন ও প্রতিষ্ঠানগুলো, যার মধ্যে ধর্মীয় সহিঞ্চুতা, মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত -এসব বিষয়ে তার বিশ্বাস ও জ্ঞানের অভাব আছে বলে বোধ হচ্ছে।”

“আমরা কেউ তার পক্ষে ভোট দেব না,” চিঠিটির ঘোষণায় বলা হয়। এই চিঠিতে সই করা কয়েকজন রিপাবলিকান নেতা ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারিকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন।

যদিও নিজের স্বাভাব মতে নিরাপত্তা বিশেষজ্ঞ নেতাদের কড়া জবাব দিতে ছাড়েননি ট্রাম্প। তিনি বলেন, “খোলা চিঠিতে সই করা নেতারা বিশ্বকে ভয়ঙ্কর স্থানে পরিণত করার অভিযোগে দুষ্ট।”