ব্যর্থ অভ্যুত্থানের পর প্রথম বিদেশ সফরে রাশিয়ায় এরদোয়ান
গেল মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর প্রথম বিদেশ সফরে রাশিয়া গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।
মঙ্গলবার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি ও রয়টার্স।
সোমবার রুশ বার্তা সংস্থা তাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, তিনি রাশিয়ার সঙ্গে সম্পক ‘পুনঃস্থাপন’ করতে চান।
সাক্ষাৎকারে তিনি পুতিনকে নিজের বন্ধু দাবি করে তাকে ‘প্রিয়’ ও ‘শ্রদ্ধেয়’ পুতিন বলে সম্বোধন করেন।
“আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে এই সফরকে একটি নতুন মাইলফলক স্থাপনের মতো মনে হচ্ছে, পরিষ্কার একটি শ্লেটে আবার শুরু করার মতো,” বলেন তিনি।
তিনি আরো বলেন, “রুশ-তুর্কি মিত্রতার নতুন অধ্যায় শুরু হবে। এই অধ্যায়ে সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে।”
তুরস্ক গেল নভেম্বরে সিরিয়ার সীমান্তে একটি রুশ বোমারু বিমানকে গুলি করে নামানোর পর দুদেশের সম্পর্ক তলানিতে নেমে গিয়েছিল। এর প্রতিক্রিয়ায় তুরস্কের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে রুশ পর্যটকদের তুরস্কে প্যাকেজ ট্যুরে যাওয়া স্থগিত করেছিল মস্কো।
জুনে এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, বোমারু বিমান ধ্বংস করার জন্য ক্ষমা চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এবং নিহত পাইলটের পরিবারের প্রতি ‘গভীর শোক ও সহানুভূতি প্রকাশ’ করেছেন।
জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে তুরস্ক। পাশাপাশি অভ্যুত্থানকারীদের প্রতি অতিরিক্ত দমনপীড়ন চালানোর সমালোচনা করায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে দেশটি।
সন্দেহ ও অবিশ্বাসের দোলাচালে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে এরদোয়ান সরকারের সম্পর্ক শীতল হয়ে পড়ার মুখে অভ্যুত্থানকালে এরদোয়ানের প্রতি দৃঢ় সমর্থন জানানো রাশিয়ার দিকে হাত বাড়িয়েছে তুরস্ক।
মস্কোর আলোচনায় স্থগিত হয়ে থাকা বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ, পর্যটন ও ভ্রমণ সংক্রান্ত সম্পর্কগুলো ফের শুরু করার বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া সিরিয়ার সংঘাত নিরসনে কৌশল নির্ধারণের ক্ষেত্রে দুনেতা সহমত অবস্থানগুলো নির্ধারণের চেষ্টা করবেন বলেও ধারণা করা হচ্ছে। সিরিয়ায় পরস্পর বিরোধী দুটি পক্ষকে সমর্থন দিচ্ছে তুরস্ক ও রাশিয়া।
বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, ব্যর্থ অভ্যুত্থানের পর পশ্চিমের সঙ্গে তুরস্কের শীতল হয়ে পড়া সম্পর্কের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে মস্কো।
