২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের সমালোচনায় রিপাবলিকান নিরাপত্তা বিশেষজ্ঞরা

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় নিরাপত্তা বিশেষজ্ঞ নেতারা এক খোলা চিঠিতে দলটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 12:17 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

বিবিসি বলছে, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অপরিণামদর্শী প্রেসিডেন্ট হতে পারেন’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

খোলা এই চিঠিটিতে যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে, বিশ্ব ব্যাংকের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট জোয়েলিক, সিআইএ-র সাবেক পরিচালক মাইকেল হেইডেন, যুক্তরাষ্ট্রের সাবেক দুই অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী টম রিজ ও মাইকেল চের্টফসহ দলটির ৫০ জন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ নেতা সই করেছেন। 

হেইডেন বলেছেন, “প্রেসিডেন্ট হতে গেলে যে ব্যক্তিত্ব, মূল্যবোধ ও অভিজ্ঞতা থাকতে হয় ট্রাম্পের তা নেই।”

এই খোলা চিঠিতে সইকারীদের অনেকেই এর আগে মার্চে একই ধরনের একটি সমালোচনাপত্রে স্বাক্ষর করতে রাজি হননি। 

কিন্তু এরমধ্যে ট্রাম্প ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল সার্ভার হ্যাক করার জন্য রাশিয়াকে উৎসাহিত করলে পরিস্থিতির মোড় ঘুরে যায়।

সম্প্রতি রিপাবলিকান দলীয় কয়েকজন প্রভাবশালী সদস্যও ট্রাম্পকে সমর্থন না দেওয়ার ঘোষণা দেন।

এরআগে বিভিন্ন বক্তৃতা, সাক্ষাৎকারে ট্রাম্প বছরের পর বছর ধরে রিপাবলিকানদের অনুসরণ করে আসা পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা অনুসরণ না করার ইঙ্গিত দেন।

তিনি নিরাপত্তা জোট নেটোর প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন, সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে নির্যাতন করার প্রতি সমর্থন দেন এবং দক্ষিণ কোরিয়া ও জাপানকে পরমাণু অস্ত্রে সজ্জিত হওয়ার পরামর্শ দেন।

খোলা চিঠিটিতে বলা হয়, “মুক্তবিশ্বের নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের নৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করছেন তিনি।”

চিঠিতে আরো বলা হয়, “যুক্তরাষ্ট্রের সংবিধান, আইন ও প্রতিষ্ঠানগুলো, যার মধ্যে ধর্মীয় সহিঞ্চুতা, মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত -এসব বিষয়ে তার বিশ্বাস ও জ্ঞানের অভাব আছে বলে বোধ হচ্ছে।”

“আমরা কেউ তার পক্ষে ভোট দেব না,” চিঠিটির ঘোষণায় বলা হয়।

এই চিঠিতে সইকারী কয়েকজন রিপাবলিকান নেতা ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারিকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন।

অবশ্য অন্যান্যরা এই পরিকল্পনার সঙ্গে একমত না হলেও ‘সবাই একমত হয়েছেন যে ট্রাম্প যোগ্য নন এবং বিপজ্জনক হতে পারেন’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সাবেক আইনজীবী জন বেলিঞ্জার। চিঠির খসড়াটি তারই তৈরি করা।

এই চিঠির প্রতিক্রিয়ায় ট্রাম্প চিঠিতে সইকারীদের ‘ওয়াশিংটনের ব্যর্থ অভিজাত যারা ক্ষমতার অংশীদার হয়ে থাকতে চায় তাদের অংশ’ বলে মন্তব্য করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, “চিঠিটিতে যাদের নাম আছে তাদের কাছে আমেরিকান জনগণ জানতে চায় বিশ্বের অবস্থা এত বিশৃঙ্খল কেন।”

এই খোলা চিঠিতিতে সই করেননি রিপাবলিকান দলের এমন নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, জর্জ শুলজ, জেমস বেকার, কলিন পাওয়েল এবং কন্ডোলিৎসা রাইস উল্লেখযোগ্য।