পাঞ্জাবে আরএসএস-র জ্যেষ্ঠ নেতা গুলিবিদ্ধ
ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর শহরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) জ্যেষ্ঠ নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জগদিশ গগনেজা গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার রাতে মোটর সাইকেল যোগে আসা আততায়ীর গুলিতে তিনি আহত হন বলে জানিয়েছে পুলিশ, খবর এনডিটিভির।
গগনেজা আরএসএস-র পাঞ্জাব শাখার উপপ্রধান। স্ত্রীসহ নিজ গাড়িতে করে যাওয়ার সময় রাত ৯টার দিকে জলন্ধরের জ্যেতি চক এলাকায় তার ওপর হামলা চালানো হয়।
তার শরীরে তিনটি গুলি লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সঙ্গে সঙ্গেই তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হামলার বিষয়ে তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ হামলার পর দিল্লিতে আরএসএস-র সদর দপ্তরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গগনেজা যে হাসপাতালে ভর্তি আছেন সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
