কাশ্মিরে বিক্ষোভ: আরো ৩ জন নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আরো তিনজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, কাশ্মির ভ্যালিতে শুক্রবারের ওই সংঘর্ষে নিহতদের মধ্যে একজন শিক্ষার্থীও রয়েছে। ২৯ দিন ধরে সেখানে কারফিউ চলছে।
৮ জুলাই পুলিশের সঙ্গে এক অভিযানে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের তরুণ কমান্ডার বুরহান মুজাফ্ফর ওয়ানি দুই সহযোগীসহ নিহত হওয়ার পর কাশ্মির ভ্যালিতে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
গত প্রায় চার সপ্তাহ ধরে সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৫৫ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
এছাড়া, শট গানের গুলিতে আহত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছে শতাধিক মানুষ।
যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কাশ্মির ভ্যালির আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার কথা বলা হয়েছে।
টুইটারে এর তীব্র সমালোচনা করে জাম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর বলেন, “আরো একটি দুর্ভাগ্যজনক মৃত্যু, আজ (শুক্রবার) অগনিত মানুষ আহত হয়েছে। আর কেন্দ্র থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে…… ওয়াও।”
শুক্রবারের সংঘর্ষে বুধগ্রাম জেলার চাদোরা এলাকায় মোহাম্মদ মকবুল নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
মকবুলের মৃত্যুর পর শনিবার বুধগ্রাম জেলায় বিক্ষোভ হয়েছে।
একই জেলার খানসাহেব এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো এক ব্যক্তির মৃত্যু হয়। পরে জানা যায়, তার নাম জহুর আহমদ।
আর দানিশ রসুল নামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র পুলিশের ছোঁড়া শট গানের গুলিতে মারাত্মক আহত হওয়ার পর তার মৃত্যু হয়।
