নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় ম্যান্ডেলার দল
স্থানীয় নির্বাচনে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বড় ধরনের ভরাভুবির আশঙ্কায় রয়েছে।
১৯৯৪ সালে বর্ণবাদের অবসানের পর এই প্রথম দেশটির রাজনীতিতে এত বিপর্যয়কর অবস্থায় পড়তে চলেছে প্রয়াত নেলসন ম্যান্ডেলার দল এএনসি।
বুধবার অনুষ্ঠিত পৌর নির্বাচনের প্রায় ৯৪ শতাংশ ভোট গননা শেষে দেখা গেছে, নিজেদের শক্তঘাঁটি নেলসন ম্যান্ডেলা বে- তে বিরোধী ডেমক্র্যাটিক এলায়েন্সের (ডিএ) কাছে হেরে গেছে এএনসি।
এছাড়া, জোহানেসবার্গ ও প্রেটোরিয়ায় দুই দলের মধ্যে ব্যবধান খুবই সামান্য।
গত দুই দশকের বেশি সময় ধরে এএনসি সব ধরনের নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়লাভ করে আসছে।
বিবিসি’র খবরে বলা হয়, বেকারত্ব এবং বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমার অর্থ কেলেঙ্কারি এএনসি-র জনপ্রিয়তায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে।
নেলসন ম্যান্ডেলা বে- তে হার দলটির জন্য বড় আঘাত। সেখানে ডিএ ৪৬ দশমিক ৫ শতাংশ এবং এএনসি ৪১ শতাংশ ভোট পেয়েছে।
প্রথমে ফল চ্যালেঞ্জ করার কথা বললেও পরে সেখানে পরাজয় স্বীকার করে নেয় এএনসি।
শুক্রবার সন্ধ্যায় ভোটের পূর্ণ ফলাফল প্রকাশ পেতে পারে।
