আইএস উৎখাত হলেও হুমকি হয়ে থাকবে: ওবামা
ইরাক ও সিরিয়া থেকে ইসলামিক স্টেটকে (আইএস) উৎখাত করা সম্ভব হলেও যুক্তরাষ্ট্রের উপর জঙ্গি সংগঠনটির সমর্থকদের হামলার আশঙ্কা থেকেই যাবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৃহস্পতিবার পেন্টাগনে শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ওবামা বলেন, আইএস সমর্থকরা সবসময়ই এককভাবে হামলা চালানোর চেষ্টায় থাকবে এবং তাদের খুঁজে বের করে প্রতিহত করা খুব কঠিন।
ওবামা বলেন, “আইএসআইএস এর হিসাব হচ্ছে, যদি অল্প কিছু মানুষ এমনকি যদি একজনকেও কোনও সাবওয়ে, প্যারেড বা জনসমাগমপূর্ণ এলাকায় হামলা চালাতে প্ররোচিত করতে পারে তবে তারা হাজার হাজার মানুষের ভিড়ে প্রচুর মানুষকে হত্যা করতে সক্ষম হবে। তারা এখনও এ ধরনের আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করতে সক্ষম এবং এটি তাদেরকে আরও ভয়ঙ্কর করে তুলেছে।”
তার মেয়াদে তার প্রশাসন সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করতে সম্ভবত সক্ষম হবে না বলেই মনে করেন ওবামা। যদিও তার দল এ সমস্যা সমাধানে সবসময় নুতন নতুন পরিকল্পনা অনুসন্ধান করেছে বলেও জানান তিনি।
“আমি কখনও এ (জঙ্গি হামলা) থেকে মুক্তি পাইনি। যখনই কোথাও হামলা হয়েছে আমি ক্ষতবিক্ষত হয়েছি ।”
“তবে আমি বিশ্বাস করি, আমাদের অসাধারণ প্রচেষ্টার কারণে যুক্তরাষ্ট্র এখনও অনেক নিরাপদ, যা অন্যরকমও হতে পারত।”
গত কয়েক সপ্তাহে ইউরোপ জুড়ে বিশেষ করে ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামে আইএস সমর্থকদের হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
ইরাক ও সিরিয়া থেকে আইএস নির্মূল করতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী দেশ দু’টিতে অভিযান পরিচালনা করছে।
সম্প্রতি উভয় দেশের নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সহায়তায় আইএস নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ পুনর্দখল করেছে।
