২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নিহত সেনার বাবার সমালোচনার জবাব ট্রাম্পের

‘কিছুই বিজর্সন দেননি বা কাউকে বলি দেননি’ ইরাক যুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের এক সেনা সদস্যের বাবার করা এমন মন্তব্যের জবাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী  ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস আমি অনেক কিছুই বিসর্জন দিয়েছি।”

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Aug 2016, 12:11 AM

Updated : 12 Apr 2022, 02:34 AM

বৃহস্পতিবার ডেমক্রেট দলের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন পাকিস্তান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক খিজর খান। তার ছেলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমায়ূন খান ২০০৪ সালে ইরাক যুদ্ধে বোমার আঘাতে প্রাণ হারান।

মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের যে আহ্বান ট্রাম্প জানিয়েছেন তার সমালোচনা করেন খিজর খান বলেন, “তিনি কি যুক্তরাষ্ট্রের সংবিধান পড়ে দেখেছেন?”

যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখতে জীবন দেওয়া দেশপ্রেমিকদের সমাধিতে সব ধর্মের, লিঙ্গের ও জাতির মানুষ রয়েছে জানিয়ে খিজর খান আরও বলেন, “আপনি তো কাউকে এবং কিছুই বিসর্জন দেননি।”

এর জবাবে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস আমি অনেক কিছুই বিসর্জন দিয়েছি। আমি খুব খুবই কঠোর পরিশ্রম করি।”

শনিবার ট্রাম্পের সাক্ষাৎকারটি প্রচার করা হয়।

খিজর খানের বক্তৃতা নিয়ে ব্যঙ্গ করে ট্রাম্প বলেন, “হিলারির স্ক্রিপ্ট লেখক কি তার বক্তব্য লিখে দিয়েছেন?”

“জনাব খান খুবই আবেগপ্রবণভাবে নিজেকে উপস্থাপন করেছেন এবং খুব সম্ভবত আমার জন্য তিনি চমৎকার একজন মানুষ।”

খিজর খানের বক্তৃতার সময় তার স্ত্রী মঞ্চে তার পাশে দাঁড়িয়ে থাকলেও কোনো কথা বলেননি।

এ প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “তিনি সেখানে দাঁড়িয়ে ছিলেন। তার কিছু বলার ছিল না। সম্ভবত, হতে পারে তার কথা বলার অনুমতি ছিল না।”

এ বিষয়ে শুক্রবার এমএসএনবিসি’কে খিজর খানের স্ত্রী ঘাজালা খান বলেন, তিনি নিজেই কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ এখনও তিনি নিহত সন্তানের ছবি দেখে নিজেকে শান্ত রাখতে পারেন না।

এদিকে এক বিবৃতিতে ঘাজালা খান সম্পর্কে ডেমক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন বলেন, “বৃহস্পতিবার রাতে নিজেরচেলের সমর্থনে সাহসিকতা ও সম্মানের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন ঘাজালা খান, যা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। ওই রাতে আমি আন্তরিকভাবে তার কাছ থেকে তার পুত্রের জীবন ও দেশের জন্য তার আত্মউৎসর্গের কথা শোনার অপেক্ষায় ছিলাম।”

স্ক্রিপ্ট লেখা নিয়ে ট্রাম্পের খোঁচার জবাবে খিজর খান নিউ ইয়র্ক টাইমসকে বলেন, “আমাকে বক্তব্য দেওয়ার বিষয়ে সাহায্য করার প্রস্তাব দেওয়া হয়েছিল। উত্তরে আমি বলি, আমার সত্যিই প্রয়োজন নেই। আমার মাথায় আমার বক্তব্য সাজানো আছে। শুধু আমি যা বলতে চাই তা আমাকে বলতে দিন। আমি হৃদয়ের কথা বলবো যেটা হৃদয় দিয়ে বুঝতে হবে।”