২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিসহ ১৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করবে ইন্দোনেশিয়া

আগামী কয়েকদিনের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ ব্যক্তির দণ্ড কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 03:29 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

বিবিসি বলছে, জাতিসংঘ মানবাধিকার কমিশনের কর্মকর্তারা জাকার্তাকে ‘অস্বচ্ছ’ বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি দেওয়ার অবসান ঘটানোর আহ্বান জানিয়ে পরিকল্পিত দণ্ড কার্যকর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

দণ্ডপ্রাপ্তদের পরিচয় দাপ্তরিকভাবে প্রকাশ করা না হলেও তাদের অধিকাংশই বিদেশি এবং এদের মধ্যে নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

নুসাকামবানগান দ্বীপের কারাগারে এদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা রয়েছে। 

ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী দণ্ডিতদের রায় কার্যকর করার কথা জানানো হয়েছে। শুক্রবারের মধ্যে দণ্ড কার্যকর শুরু হওয়ার সম্ভাবনা আছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিক একজন এবং তার নাম গুরুদিপ সিং বলে জানিয়েছে এনডিটিভি।

পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা গুরুদিপ ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হন।

অপরদিকে দ্য ডন জানিয়েছে, গ্রেপ্তার পাকিস্তানি নাগরিকের নাম জুলফিকার আলি। ৫২ বছর বয়সী আলি ২০০৪ সালে গুরুদিপের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা গেছে।

উভয়জনের সর্বোচ্চ শাস্তি মওকুফের জন্য সংশ্লিষ্ট দেশদুটির সরকার চেষ্টা করছে বলে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে।