২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের ভিডিওতে ‘ফ্রান্সে যাজক হত্যাকারী’

জঙ্গি গোষ্ঠী আইএস একটি ভিডিও প্রকাশ করে বলেছে, এতে দেখতে পাওয়া দুই ব্যক্তিই ফ্রান্সে যাজক হত্যায় অংশ নিয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 01:29 AM

Updated : 20 Aug 2022, 01:19 PM

তারা আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন বলেও দাবি করা হয়েছে।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আইএসের মুখপত্র আমাকের প্রকাশ করা ওই ভিডিওতে দুজনকে আরবিতে কথা বলতে শোনা যায়। তারা আইএস নেতা আবু বকর আল-বাগদাদীর প্রতি আনুগত্য প্রকাশ করেন। একজনের হাতে আইএসের পতাকা খচিত একটি কাপড় দেখা যায়।

মঙ্গলবার ফ্রান্সের নরম্যান্ডির সেন্ট-এতিয়েন-দ্যু-হুভে শহরের একটি চার্চে ‘মর্নিং ম্যাস’চলার সময়  ছুরি হাতে ঢুকে পড়েন দুই ব্যক্তি। ৮৪ বছর বয়সী এক যাজককে গলা কেটে হত্যার পাশাপাশি অন্য একজনকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করেন তারা।

পরে পুলিশের গুলিতে দুই হামলাকারী নিহত হন।

ফরাসি কর্তৃপক্ষ তাদের একজনের পরিচয় প্রকাশ করেছে, ১৯ বছর বয়সী আদেল কিরমিচ আইএসে যোগ দিতে দুই দফায় সিরিয়া যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।

বিবিসি বলছে, আমাক-এর পোস্ট করা ওই ভিডিওর সত্যতা এখনও নিশ্চিত করেনি ফরাসি পুলিশ।

এ মাসেই ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জনতার ভিড়ে দ্রুতগতির একটি ট্রাক উঠিয়ে ৮৪ জনকে হত্যার ১২ দিন পর নরম্যান্ডির এই হামলা হল। নিসে হামলাকারীও আইএসের প্রতি আনুগত্য স্বীকার করেছিলেন।

পুরনো খবর:

ফ্রান্সে নিরাপত্তা জোরদারের ডাক ধর্মীয় নেতাদের
ফ্রান্সে চার্চে আইএস হামলায় যাজক নিহত