ভারতে ধর্ষিত দলিত কিশোরীর মৃত্যু, ছোট ভাই-বোনকেও হুমকি
ভারতের দিল্লিতে উপর্যুপরি ধর্ষণের শিকার হওয়ার পর এসিড পানে বাধ্য হওয়া দলিত কিশোরীর মৃত্যু হয়েছে।
হাসপাতালে একমাসের বেশি সময় লাইফ সাপোর্টে থাকার পর রোববার তার মৃত্যু হয়।
মেয়েটি দুইবার ধর্ষণের শিকার হয়েছিল। তাকে ২০১২ সালে আলোড়ন সৃষ্টিকারী ধর্ষিতা ‘নির্ভয়া’ র সঙ্গে তুলনা করা হচ্ছে।
ধর্ষকরা এখন তার ছোট ভাই বোনকেও হুমকি দিচ্ছে বলে এনডিটিভি’কে জানিয়েছে তার মা।
এ ঘটনায় ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে।
মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে দেওয়া জবানবন্দীতে ওই কিশোরীর অভিযোগ, তাকে প্রতিদিন বেশ কয়েবার মারধর ও ধর্ষণ করা হয় এবং এসিড মেশানো পানীয় পান করতে বাধ্য করা হয়।
ওই সময় তার হাত-পা বেঁধে রাখা হত এবং তাকে খাবার দেওয়া হত না বলেও অভিযোগ ওই কিশোরীর।
রোববার এনডিটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কিশোরীর মা বলেন, “আমার মেয়েকে ধর্ষণকারী ব্যক্তি তাকে ছুরি মারার হুমকি দিয়েছিল…এতে সে ভয় পেয়েছিল। এখন ওই ব্যক্তি আমার অন্য মেয়ে ও ছেলেকে হুমকি দিচ্ছে। তার হুমকির ভয়ে আমার ছেলে ১০ দিন ধরে স্কুলে যাচ্ছে না।”
অভিযুক্ত শিবশঙ্কর নিহত ওই কিশোরীকে প্রথম গত বছর ডিসেম্বরে যৌন নীপিড়ন করে।
শিবশঙ্কর ওই কিশোরীর প্রতিবেশী এবং প্রথমবার নির্যাতনের পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিনে সে মুক্ত হয়।
নিহত কিশোরীর পিতা-মাতা একটি হাসপাতালে ঝাড়ুদারের কাজ করে।
জামিনে মুক্ত হওয়ার পর শিবশঙ্কর এ বছর মে মাসে ওই কিশোরীকে আবারো অপহরণ করে। অথচ তার মাত্র কয়েক দিন পরই শিবশঙ্করের বিরুদ্ধে করা মামলার শুনানি ছিল।
নিহত কিশোরীর মা বলেন, “আমরা ১২ দিন পর্যন্ত মেয়ের কোনো খোঁজ পাইনি। সারা শরীরে কালশিরা নিয়ে একদিন সে বাড়ি ফিরে আসে। তার মুখ, বুক ও শরীরের অন্যান্য অঙ্গ কালো হয়ে গিয়েছিল।”
শিবশঙ্কর এখন তার ছেলেকে অপহরণের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন ওই নারী।
আরও বলেন, “তারা আমার মেয়েকে হুমকি দিয়ে বলেছিল, যদি সে আদালতে নির্যাতনের বিষয়ে মুখ খোলে তবে তারা আমাকে ও আমার স্বামীকে মেরে ফেলবে।”
এ বিষয়ে পু্লিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশের দাবি, ওই কিশোরী তার জবানবন্দী পরিবর্তন করতে থাকে এবং ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি অস্বীকার করতে থাকে।
একটি মেডিকেল বোর্ড বিষয়টি তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ।
শিবশঙ্করকে গ্রেপ্তার না করা ও নির্যাতনের শিকার কিশোরীকে নিরাপত্তা না দেওয়ার পুলিশের কড়া সমালোচনা হচ্ছে।
