জার্মানিতে গর্ভবতীকে হত্যার দায়ে সিরীয় শরণার্থী গ্রেপ্তার
জার্মানিতে চাপাতি দিয়ে কুপিয়ে এক গর্ভবতী নারীকে হত্যা ও অপর দুজনকে আহত করার পর এক সিরীয় শরণার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার স্টুটগার্টের কাছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর রয়টলিনগেনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ২১ বছর বয়সী এই শরণার্থী এর আগে আরো কয়েকটি সহিংস ঘটনায় বেশ কয়েকজনকে আহত করেছিলেন। তবে এসব হামলা তিনি একাই চলিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে পুলিশ বলছে, “চলতি সাক্ষ্যপ্রমাণের আলোকে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলার মতো কোনো ইঙ্গিত মিলেনি।”
বহুল পঠিত জার্মানির বিড সংবাদপত্রে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “হামলাকারী অপ্রকৃতিস্থ ছিলেন। চাপাতি হাতে তিনি পুলিশের একটি গাড়িকেও তাড়া করেছিলেন।”
অন্য এক গাড়িচালক হামলাকারীকে গাড়ির ধাক্কায় কুপোকাত করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে তাদের হেফাজতে নিয়ে যায় বলে বিডকে জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী।
পুলিশ জানিয়েছে, চিকিৎসার পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে।
চলন্ত ট্রেনে এক আফগান শরণার্থীর কুঠার নিয়ে হামলার পর থেকে জার্মানিতে পরপর আরো তিনটি হামলার ঘটনা ঘটল। শুক্রবার মিউনিখে ইরানি-জার্মানির দ্বৈত নাগরিক ১৮ বছর বয়সী এক ব্যক্তির গুলিতে নয়জন নিহত হন।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার এ ঘটনাটির পাশাপাশি এক সিরীয় শরণার্থী নিজের বহন করা বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের ‘খোলা দরজা’ শরণার্থী নীতির সুযোগে গেল এক বছরে ১০ লাখেরও বেশি শরণার্থী দেশটিতে আশ্রয় নিয়েছে। প্রধানত গৃহযুদ্ধ কবলিত আফগানিস্তান, সিরিয়া ও ইরাক থেকে পালিয়ে আসা এসব শরণার্থীদের নিয়ে জার্মানিতে উদ্বেগ বাড়ছে।
