যুক্তরাজ্যের পারমাণবিক ডুবোজাহাজের সঙ্গে জাহাজের সংঘর্ষ
জিব্রাল্টার উপদ্বীপের উপকূলে যুক্তরাজ্যের একটি আস্টুট-ক্লাস পারমাণবিক ডুবোজাহাজের সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রয়টার্স ও বিবিসি বলছে, এ দুর্ঘটনায় এইচএমএস অ্যাম্বুশ নামের ওই ডুবোজাহাজটির বাইরের দিকে কিছু ক্ষতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় দেড়টার দিকে (১টা ৩০ মিনিট) ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনী।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “মৃদু সংঘর্ষে ডুবোজাহাজটির বাইরের দিকের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর পারমাণবিক চুল্লির কোনো ধরনের ক্ষতি হয়নি। এছাড়া এই দুর্ঘটনায় জাহাজ কোম্পানির কোনো সদস্যও আঘাত পাননি।”
প্রশিক্ষণ চলার সময় দুর্ঘটনায় পড়া ডুবোজাহাজটিকে জিব্রাল্টার বন্দরে নেওয়া হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিভাবে একটি তদন্ত শুরু করার কথা জানিয়েছে রাজকীয় নৌবাহিনী। এরফলে ‘নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ নেই’ বলে জানিয়েছে বাহিনীটি।
আস্টুট-ক্লাস ডুবোজাহাজগুলো ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সবচেয়ে বড় ও হামলা পরিচালনাকারী সবচেয়ে অত্যাধুনিক ডুবোজাহাজ। ব্রিটিশ নৌবাহিনীর এ ধরনের তিনটি ডুবোজাহাজ আছে।
এইচএমএস অ্যাম্বুশ ৯৭ মিটার লম্বা এবং এটি টর্পেডো ও টোমাহক ক্রুইজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত। এই ডুবোজাহাজটি নির্মাণ করতে ১৬০ কোটি পাউন্ড খরচ করা হয়েছে। ২০১৩ সালে এটি ব্রিটিশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে।
