২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ জঙ্গি বিমান ভূপাতিত করা তুর্কি পাইলট ‘গ্রেপ্তার’

সিরিয়ায় রুশ জঙ্গি বিমান ভূপাতিত করেছিলেন যে বৈমানিকরা তাদের দুজন তুরস্কে অভ্যুত্থানচেষ্টায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বলে খবর দিয়েছে আল-জাজিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 12:19 AM

Updated : 20 Aug 2022, 01:15 PM

প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টায় তাদের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে বলে এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি।

তাদের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, “২০১৫ এর নভেম্বরে রুশ এসইউ-২৪ ভূপাতিত করার অপারেশনে অংশ নেওয়া দুই বৈমানিক এখন কাস্টডিতে।”

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াইরত বিদ্রোহীদের বিরুদ্ধে গত বছর বিমান হামলা চালায় রাশিয়া।

নভেম্বরে তুরস্ক সীমান্তবর্তী এলাকায় তাদের একটি জঙ্গি বিমান ভূপাতিত করায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক টানাপড়েন তৈরি হয়। গত মাসে এরদোয়ান ক্ষমা চাওয়ায় দুদেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে।

ওই কর্মকর্তা বলেন, ওই দুই বৈমানিককে অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, রুশ বিমান ভূপাতিত করার জন্য নয়।

তবে দুই বৈমানিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেননি তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদা।

এদিকে আঙ্কারার মেয়র মেলিহ গোচেক বলছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের ‘সমর্থক’ ওই বৈমানিকরা তুরস্ক সরকারের ক্ষতি করার ষড়যন্ত্রের অংশ হিসেবে রুশ বিমানে গুলি করে থাকতে পারেন।

সেনা অভ্যুত্থানচেষ্টার জন্য গুলেনের বিরুদ্ধে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন এরদোয়ান।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানচেষ্টার পর ১৭ জুলাই এরদোয়ানকে ফোন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভ্যুত্থানচেষ্টাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তুরস্কে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসার আশা প্রকাশ করেছেন তিনি। 

অগাস্টের প্রথম সপ্তাহে তাদের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে, যা হবে গত নভেম্বরে সম্পর্কে টানাপড়েনের পর দুই নেতার মুখোমুখি সাক্ষাৎ।