জার্মানির ট্রেনে হামলাকারীর ‘আইএস পতাকা ছিল’
জার্মানির এক শহরে ট্রেনে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালানো আফগান শরণার্থীর ঘরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের পতাকা পাওয়া গেছে।
পতাকাটি হাতে আঁকা ছিল বলে জানিয়েছেন জার্মান কর্মকর্তারা। হামলাকারীকে নিজেদের যোদ্ধা দাবি করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠনটি।
সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনে ওই তরুণ একাই হামলা চালায় বলে পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়েছে, ট্রেনে হামলা চালিয়ে হংকং-এর চারজনকে আহত করেন ১৭ বছর বয়সী ওই আফগান। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলা করে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী।
এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করছিলেন ওই তরুণ।
আইএসের সংবাদ সংস্থা আমাক হামলাকারীকে তাদের যোদ্ধা দাবি করে একটি ভিডিও দিয়েছে, যাতে ওই আফগান তরুণ একটি ছুরি হাতে আত্মঘাতী হামলায় যাওয়ার কথা পশতু ভাষায় বলছিল।
বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হারমান রয়টার্স টিভিকে বলেন, পাশের শহরে ওই তরুণের বাড়িতে তল্লাশি চালিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে আইএসের পতাকা পায়। পাওয়া যায় পশতু ভাষায় লেখা একটি টেক্সটও। এতে বোঝা যায় যে, সেই তরুণ নিজেই জঙ্গিবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিল।
তবে আইএস বা অন্য কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল- সেরকম কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানান হারমান।
তিনি বলেন, প্রায় দু’বছর আগে একাই জার্মানিতে এসেছিলেন আফগান ওই তরুণ। এরপর তিনি জার্মানিতে আশ্রয় চান। শহরের একটি শরণার্থী কেন্দ্রে কিছু দিন থাকার পর ওই তরুণকে স্থানীয় একটি পরিবার আশ্রয় দিয়েছিল।
গত কয়েকমাসে এই তরুণের মধ্যে জঙ্গিবাদী আচরণ কেউ লক্ষ্য করেনি এবং জিহাদি নেটওয়ার্কের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার কোনো লক্ষণও দেখা যায়নি বলে জানান হারমান।
জার্মানি গতবছর প্রায় ১০ লাখের বেশি শরণার্থী নিয়েছে। এর মধ্যে দেড় লাখেরও বেশি আফগান। এ বছর ইইউ কিছু পদক্ষেপ নেওয়ার পর থেকে শরণার্থীর ঢল কমছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, আহত চারজনের মধ্যে একজন ৬২ বছর বয়সী পুরুষ। আরেকজন তার স্ত্রী (৫৮)। তাদের মেয়ে (২৭) ও তার বন্ধুও (৩১) আহত হয়েছে। এদের সবাই হংকংয়ের নাগরিক। আরেক নারী ট্রেনের বাইরে আহত হন।
তবে হামলাকারী সুনির্দিষ্টভাবে চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়নি বলে জানান হারমান।
হংকং-এর প্রধান নির্বাহী লেউং চুন-ইং এ হামলার নিন্দা জানিয়ে আহত পরিবারটিকে সমবেদনা জানিয়েছেন। শহরটির অভিবাসন কর্মকর্তারা শিগগিরই জার্মানিতে ওই পরিবারের সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি।
