তাইওয়ানে এটিএম থেকে ২৫ লাখ ডলার ‘লোপাট’
তাইওয়ানের একটি ব্যাংকের বিভিন্ন এটিএম বুথ থেকে ২৫ লাখ ডলার চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশকে উদ্ধৃত করে সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ফার্স্ট কমার্শিয়াল ব্যাংকের কয়েক ডজন এটিএম হ্যাক করতে পূর্ব ইউরোপ ও রাশিয়ার ওই চক্রটি ম্যালওয়্যার ব্যবহার করেছিল।
সিসিটিভির ফুটেজে মুখোশপরা দুর্বৃত্তদের বেশ কয়েকটি ব্যাগে চোরাই অর্থ নিয়ে যেতে দেখা গেছে।
ঘটনায় জড়িত সন্দেহে লাটভিয়ার এক নাগরিককে আটক করা হয় উত্তর-পূর্ব তাইওয়ান থেকে; অপর দুইজনকে রাজধানী তাইপে থেকে।
চোরাই অর্থের অর্ধেকের বেশি উদ্ধার করা গেলেও সন্দেহভাজন ১৩ জন তাইওয়ান ছেড়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান লি ওয়েন-চ্যাং বলেন, “আন্তর্জাতিক এটিএম চোরের কোনো দল তাইওয়ানে প্রথমবারের মতো এ ধরনের ঘটনা ঘটাল।”
ক্যাশ মেশিনগুলোতে চোরেরা ঠিক কীভাবে ম্যালওয়ার ঢুকিয়েছিল- তা এখনও স্পষ্ট নয়। তবে ওই ম্যালওয়্যারই খুব অল্প সময়ে তাদেরকে বড় অংকের টাকা তুলতে সাহায্য করে।
ঘটনার পর এক হাজারের বেশি এটিএম থেকে অর্থ তোলা বন্ধ করে দিয়েছে ব্যাংকটি।
বাংলাদেশে গত ৭ ও ৮ ফেব্রুয়ারি ইউসিবিএল, সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির মাধ্যমে মোট অংকের অর্থ হাতিয়ে নেয় একটি চক্র।
ঘটনায় জড়িত অভিযোগে এক জার্মান নাগরিকের পাশাপাশি সিটি ব্যাংকের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। বলা হচ্ছে, চারটি এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির পর কার্ড ক্লোন করে টাকা তুলে নেয় জালিয়াত চক্র।
