২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের আক্রমণের নির্দেশ সদরের

নিজ অনুসারীদের দেশে মোতায়েন হতে যাওয়া যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Jul 2016, 03:14 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কয়েকশ’ সেনাকে ইরাকে পাঠানো করা হচ্ছে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার জানিয়েছেন, আইএসের নিয়ন্ত্রণ থেকে উত্তরাঞ্চলীয় শহর মসুল পুনরুদ্ধারে ইরাকি বাহিনীকে সাহায্য করতে দেশটিতে আরো ৫৬০ জন সেনা পাঠাবে করবে পেন্টাগন। 

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরাক দখল করে নেওয়ার সময় সদরের মাহদি আর্মি মার্কিন বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। তখন থেকে সদর ইরাকের প্রভাবশালী নেতা হয়ে ওঠেন।

কার্টারের ঘোষণার বিষয়ে সদরের প্রতিক্রিয়া জানতে চেয়ে এক অনুসারী প্রশ্ন করলে সদর বলেন, “তারা আমাদের একটি লক্ষ্যস্থল।”

সদরের দাপ্তারিক ওয়েবসাইটে তার এই মন্তব্যটি পোস্ট করা হলেও এতে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০০৮ সালে মাহদি আর্মি ভেঙে দেওয়া হয়। এর বদলে পিস বিগ্রেড গঠন করা হয়। ২০১৪ সালে আইএসের আগ্রাসন থেকে রাজধানী বাগদাদ রক্ষায় সরকারি বাহিনীকে সহায়তা করে এই পিস বিগ্রেড। তারপর থেকে রাজধানীতে ও ইরাকের অন্যান্য কয়েকটি শহরে অবস্থান নিয়ে আছে পিস বিগ্রেডের সদস্যরা।

শুধু বাগদাদেই সদরের লাখখানেক অনুসারী রয়েছেন। চলতি বছর দুই দুইবার তার অনুসারীরা বাগদাদের কড়া প্রহরাধীন এলাকা গ্রিন জোনে বিক্ষোভ প্রদর্শন করে সেখানে তাণ্ডব চালায়। এতে কয়েক সপ্তাহ ধরে ইরাকি পার্লামেন্টের কার্যক্রম বিঘ্নিত হয়। 

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরাকে যুক্তরাষ্ট্রের নতুন সেনাদের মোতায়েন করা হবে। এতে ইরাকে যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত সেনার সংখ্যা দাঁড়াবে ৪,৬৫০ জনে।