২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক নিয়ে মহড়া দিয়েছিলেন নিসের হামলাকারী

ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার উপর ট্রাক হামলার কয়েকদিন আগে ওই রাস্তায় মহড়া দিয়েছিলেন হামলাকারী মোহাম্মদ ল্যউইজ-বুলেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 10:33 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

ফরাসি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলার পূর্বপ্রস্তুতি হিসাবে বুলেল মঙ্গল ও বুধবার নিস শহরের সমুদ্রতীরবর্তী ফুটপাতের ওপর দিয়ে গাড়ি চালিয়ে মহড়া দিয়েছিলেন।

ইউরোপ ওয়ান বেতার বলেছে, হামলার আগের দিনগুলোর সিসিটিভি ফুটেজে তাকে ওই এলাকায় গাড়ি চালাতে দেখা গেছে। তিনি খুব ভালভাবে জায়গাটি পর্যবেক্ষণ করছিলেন।

বৃহস্পতিবারে রাতে সেখানে ট্রাক হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়। পুলিশ গুলি চালিয়ে তাকে হত্যা করে ট্রাকটি থামাতে সক্ষম হয়।

ওইদিন বিকালে বুলেল তিউনিসিয়ায় তার ভাইকে ফোন করেন এবং লোকজনের ভিড়ের মধ্যে তোলা তার একটি ছবিও পাঠান।

Image
হামলার পর পুলিশবেষ্টিত ট্রাকের যেসব ছবি সংবাদমাধ্যমে এসেছে, তাতে চালকের আসনের সামনে থাকা গ্লাসজুড়ে (উইন্ড শিল্ড) অসংখ্য গুলির দাগ দেখা যায়। ছবি: রয়টার্স

হামলার পর পুলিশবেষ্টিত ট্রাকের যেসব ছবি সংবাদমাধ্যমে এসেছে, তাতে চালকের আসনের সামনে থাকা গ্লাসজুড়ে (উইন্ড শিল্ড) অসংখ্য গুলির দাগ দেখা যায়। ছবি: রয়টার্স

বুলেলের ভাই জানিয়েছেন, ওই শেষ দিনটিতে বুলেল তার ইউরোপীয় বন্ধুদের নিয়ে জাতীয় দিবস উদযাপন করতে গিয়েছিল। ছবিতে তাকে খুব হাসিখুশীও দেখাচ্ছিল।

তিউনিসিয়ায় থাককালে বুলেলের মানসিক সমস্যাও ছিল বলে রয়টার্সকে জানিয়েছেন তার বোন। ২০০৫ সালে তিউনিসিয়া থেকে ফ্রান্সে যাওয়ার আগে বহুবছর বুলেল মনোরোগ চিকিৎসাধীন ছিলেন।

“মানসিক সমস্যা থেকে তার স্নায়ু বৈকল্য ঘটত। আর তখনই সে হয়ে উঠত ক্ষুব্ধ, নৃশংস, হাতের কাছে সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিত সে”, বলেন বুলেলের বাবা।

মানসিক সমস্যার কারণে স্ত্রীর কাছ থেকেও বিচ্ছিন্ন থাকতেন বুলেল। হামলার ঘটনার পর শুক্রবার বুলেলেও স্ত্রী কে আটক করলেও রোববার তাকে ছেড়ে দেয় পুলিশ।

হামলায় জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করেছে। সর্বশেষ গ্রেপ্তার করা হয়েছে আলবেনিয় এক জুটিকে। তাদেরকে রোববার সকালে গ্রেপ্তার করা হয়। তাদের পরিচয় এখনও নির্ধারণ করা যায়নি।

অন্য যাদেরকে আটকে রাখা হয়েছে তাদের সঙ্গে হামলাকারীর ঘনিষ্ঠতা ছিল। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।