ব্যর্থ অভ্যুত্থান: তুরস্ককে সতর্ক করল যুক্তরাষ্ট্র
তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়ে ‘প্রকাশ্যে পরোক্ষ ইঙ্গিত’ দেওয়া নিয়ে তুরস্ককে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
এ ধরনের অভিযোগকে ‘পুরোপুরি মিথ্যা’ অভিহিত করে এ ধরনের দাবি দু'দেশের সম্পর্কের জন্য ‘ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, খবর বিবিসি'র।
শনিবার রাতে তুর্কি টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় দেশটির শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী সুলেয়মান সোইলু অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্র আছে বলে অনুযোগ করেন। এরপরপরই বিষয়টি নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে এই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য দায়ী করেছেন এবং তাকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
গুলেন অভিযোগ অস্বীকার করেছেন।
পেনসিলভানিয়ার বাসভবন থেকে গুলেন অভিযোগ অস্বীকার করে বলেন, “গত পাঁচ দশকে আমি নিজেই বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থানের কারণে ভুগেছি। তাই এ ধরনের কোনও উদ্যোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা বিশেষভাবেই অপমানজনক।”
তুর্কি সামরিক বাহিনী ও ব্যুরোক্রেসির মধ্যে ফেতুল্লাহ গুলেনের অনেক সমর্থক আছেন, এরা গুলেনের হিজমেত আন্দোলনে অনুপ্রাণিত, এমনটি বলা হয়।
এক সময়ের মিত্র গুলেন ও তার সমর্থকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন এরদোয়ান।
নেটো মিত্র যুক্তরাষ্ট্রকে এরদোয়ান বলেছেন, ‘সন্ত্রাসীদের’ ফেরত পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধ কখনও প্রত্যাখ্যান করেনি তুরস্ক।
শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, “আমরা যদি কৌশলগত অংশীদার হই, তাহলে আপনাদের উচিত আমাদের অনুরোধ রক্ষা করা।”
লুক্সেমবার্গে অবস্থানরত কেরি বলেন, “গুলেনের বিষয়ে প্রশ্ন উঠতে পারে তা যুক্তরাষ্ট্র পুরোপুরিই অনুধাবন করে।”
তিনি বলেন, “তুরস্কের উচিত তদন্তের মাধ্যমে পাওয়া বৈধ প্রমাণ আমাদের কাছে উপস্থাপন করা। যুক্তরাষ্ট্র তা গ্রহণ করে তা দেখে যথাযথবাবে বিচার করে দেখবে।”
